তবুও বোলারদের দায় দিতে চান না আইয়ার

আইপিএল
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত মৌসুমে পুরোটা জুড়ে দাপট দেখালেও ফাইনালে অল্পের জন্য প্রথম শিরোপা হাতছাড়া হয় পাঞ্জাব কিংসের। গত আসরে যেখানে শেষ করেছিল পাঞ্জাব এবারেও যেন সেখান থেকেই শুরু করেছে তারা। টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে তারা। নিজেদের অষ্টম ম্যাচে এসে হারের স্বাদ পেয়েছে বর্তমান রানারআপরা। ব্যাটারদের এনে দেওয়া ২২২ রানের বড় পুঁজিও ডিফেন্ড করতে পারেননি বোলাররা। তারপরেও বোলারদের কাঠগড়ায় তুলতে রাজি নন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

‎রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রভসিমরান সিং আর মার্কাস স্টইনিসের ব্যাটিংয়ে বড় পুঁজি পায় পাঞ্জাব। কিন্তু এদিন ছন্দ খুঁজে পাননি পাঞ্জাবের কোনো বোলারই। আর্শদ্বীপ সিং চার ওভারে খরচ করেন ৬৮ রান। এই ম্যাচে একাদশে ঢোকা লকি ফার্গুসনও কোটার চার ওভারে খরচ করেন ৫৭ রান। বোলারদের জন্য দিনটা খারাপ ছিল ধরে নিয়ে আইয়ার পাশে দাড়াচ্ছেন তাদের।

‎ম্যাচ শেষে আইয়ার বলেন, 'আমি মনে করি বোলিংয়ে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম, বিশেষ করে এক্সিকিউশনের দিক থেকে। আমাদের পরিকল্পনা ছিল বেশি করে স্লোয়ার বল করা, পেস কমানো, ইয়র্কার দেয়া। কিন্তু মনে হয় আমরা সেখানেই কিছুটা ঘাটতি রেখে ফেলেছি। আর ওদের মাঝের দিকের পার্টনারশিপটা ছিল অসাধারণ, বিশেষ করে ফেরেইরা এবং শুভম দুবে শেষে নেমে গুরুত্বপূর্ণ রান করেছে।'

‎টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের কাজ অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে কঠিন। বিশেষ করে আইপিএলের মত আসরে ফ্ল্যাট উইকেটগুলোতে বোলারদের করার মত তেমন কিছুই থাকে না। তাই টানা ছয় ম্যাচে দলকে জয় এনে দেয়া বোলারদের জন্য এই একটি ম্যাচেই সব শেষ হয়ে গেছে তা মানতে চাননা আইয়ার।

‎আইয়ার আরও যোগ করেন, 'দেখুন, এই ফরম্যাটে অনেক খেলোয়াড়ই তাদের খেলার ধরন বদলে ফেলেছে, আর তারা মাঠে নেমেই প্রথম বল থেকেই আক্রমণ শুরু করে। তাই বোলারদের জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিয়ে সফল হওয়া বেশ কঠিন কাজ।'

'কিন্তু দিনের শেষে আমার মনে হয় সবকিছুই নির্ভর করে সঠিক বাস্তবায়নের ওপর। আপনার যদি নির্দিষ্ট কোনো পরিকল্পনা থাকে এবং আপনি সেটি ভালোভাবে কার্যকর করতে পারেন, তাহলে আপনি সফল হবেন। আর আজ দিনটা আমাদের ছিল না।'

আরো পড়ুন: