নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই ইনিংসেই হ্যামিস্ট্রিংয়ে চোট পান বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এরপর থেকেই বিশ্রামে আছেন এই ব্যাটার। টেস্ট দলের অনুশীলনে এলেও এখনও অনুশীলন শুরু করেননি শান্ত। তবে, ৮ মার্চ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে শান্ত ফিট হয়ে উঠবেন বলেই বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের।
মুশফিকুর রহিম,মমিনুল হক, তাইজুল ইসলামের মত ওয়ানডে স্কোয়াডের বাইরে থাকা টেস্ট দলের খেলোয়াড়রা বর্তমানে অনুশীলন করছেন শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে। বিসিবির কোচ সোহেল ইসলাম পরিচালনা করছেন তাদের অনুশীলন। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবার দিন সেই অনুশীলনে যোগ দেন শান্তও। সেখানেই শান্তর সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেবাশিষ বলেন, 'চোটটা আমার কাছে এতটা গুরুতর মনে হয়নি। সে (শান্ত) আগামীকাল (মঙ্গলবার) আসবে, তখন আমরা তাকে দেখব। আর আমি যা শুনেছি এবং যে তথ্য পেয়েছি, তাতে আমার কাছে এটা খুব একটা গুরুতর মনে হয়নি'
বিসিবির এই চিকিৎসক আরো যোগ করেন, 'এই মুহূর্তে তার কোনো ব্যথা নেই এবং হাঁটার সময়ও কোনো সমস্যা বা ব্যথা অনুভব করছে না। তারপরও আমরা আগামীকাল তাকে শারীরিকভাবে পরীক্ষা করব।'
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি বাংলাদেশের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে একটি ড্র ও একটি হার নিয়ে পয়েন্ট তালিকার আট নাম্বারে আছে বাংলাদেশ।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের পরিকল্পনা প্রসঙ্গে বলেন, 'আমরা যে সিরিজটি খেলতে যাচ্ছি, সেটি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অবশ্য এখন পর্যন্ত আমরা গর্ব করে বলতে পারি না যে টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব ভালো করেছি। আমাদের পরিকল্পনা হলো এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করা। আগে আমরা তেমন ভালো করতে পারিনি, তাই সেখান থেকে নিজেদেরকে আরও একটু ওপরে নিয়ে যেতে চাই।'