মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করে আইপিএল ইতিহাসের অন্যতম দ্রুততম শতরানের নজির গড়েছেন বৈভব। তরুণ এই ব্যাটারের আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে দেয়। যদিও শেষ পর্যন্ত লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ, তবুও আলোচনার কেন্দ্রে ছিলেন এই কিশোর ক্রিকেটারই।
ম্যাচ শেষে প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্স তাঁর প্রশংসায় বলেন, 'বৈভব এখন আমার নতুন পছন্দের খেলোয়াড়। ও যেভাবে জোরে বল মারে, সেটা দেখতে দারুণ লাগে। সত্যিই উপভোগ করার মতো।'
তিনি আরও বলেন, 'ওকে বল করতে গেলে বোলারদের নিখুঁত হতে হবে। একটু ভুল হলেই বল অনেক দূর চলে যাবে। ওর শুরুটা অসাধারণ হয়েছে এবং ওর খেলার ধরন খুবই আকর্ষণীয়।'
এই ওপেনারের বিস্ফোরক ইনিংসের কারণে ছয় উইকেটে ২২৮ রানের পুঁজি পায় রাজস্থান। যদিও ম্যাচটি পাঁচ রানে হারতে হয় দলটিকে। লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ বলে ৫৭ রান করেন অভিষেক শর্মা।
এ ছাড়া ৩১ বলে ৭৪ রানের মারকুটে ইনিংস খেলেন ইশান কিশান। শেষদিকে ১৮ বলে ৩৬ রানের ক্যামিও খেলেন নিতিশ কুমার রেড্ডি। ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।