এর আগে ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। ফাইনালে করেছিলেন দুর্দান্ত ১৭৫ রান। এবারের আইপিএলেও সেই ফর্ম ধরে রেখেছেন সূর্যবংশী। এরই মধ্যে চলতি আইপিএলে করে ফেলেছেন ৩৫৭ রান।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ ইনিংসের পর সূর্যবংশীকে প্রশংসায় ভাসিয়েছেন বিলিংস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘সূর্যবংশী কি যেকোনো পেশাদার খেলায় সর্বকালের সেরা ১৫ বছর বয়সী? সে যা করছে তা সত্যিই অবিশ্বাস্য। আমরা লামিনে ইয়ামাল পর্যায়ের প্রতিভা দেখছি।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বিপক্ষে খেলতে নেমেও ভয় ডরহীন ছিলেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার। বর্তমান বিশ্বের সেরা এই পেসারকে প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। কামিন্সকে খেলা ৪ বলে ৮ রান তোলেন সূর্যবংশী। ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের এই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন কামিন্স নিজেও।
তিনি জানিয়েছেন, এই কিশোরই এখন তার ‘নতুন প্রিয় খেলোয়াড়’। তিনি বলেন, ‘আমার মনে হয় সে এখন আমার নতুন প্রিয় খেলোয়াড়। সে বলটা এত জোরে মারে, দেখতে দারুণ লাগে। এটা সত্যিই উপভোগ্য। বোলার হিসেবে আপনাকে একদম নিখুঁত হতে হবে। না হলে বল অনেক দূরে চলে যাবে। এটা দারুণ ব্যাপার। তার ক্যারিয়ারের শুরুটা অসাধারণ হয়েছে, এবং তার খেলার ধরন আমার ভালো লাগে। সে খেলাটাকে নিজের মতো করে খেলতে জানে।’