সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। মাত্র কয়েক ওভার খেলা হলেও সেই সময়েই ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই আউট হন ২৫ কোটি রুপির গ্রিন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৮ রান করেন, আর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুই রান করে রান আউট হন তিনি।
গ্রিনের খেলা তিন ম্যাচ নিয়ে মন্তব্য করতে গিয়ে ফিঞ্চ বলেন, 'একটি আউট ছিল রান আউট, যেখানে তার সরাসরি দোষ ছিল না। তবুও তিনি দুইবার সুযোগ হারিয়েছেন। তার মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, আগের মতো লাগছে না।'
কলকাতার হয়ে ব্যর্থ হলেও তাকে নিচের দিকে নামানো ঠিক নয় বলে মন্তব্য করেন ফিঞ্চ। ২০২৩ সালে মুম্বাইয়ের হয়ে তিন নম্বরে ব্যাট করে ১৬ ইনিংসে ৪৫২ রান করেছিলেন গ্রিন।
সেই ঘটনা টেনে ফিঞ্চ আরো বলেন, 'মুম্বাইয়ের হয়ে উপরের দিকে ব্যাট করার সময় তার মানসিকতা একেবারেই আলাদা ছিল। তখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন। আগে ক্রিজে তিনি প্রভাব বিস্তার করতেন।'
'যদিও এখন তাকে দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে। তাকে নিচের দিকে নামানো ঠিক হবে না। বরং ওপরে তুলে দেয়া বা কিছুটা বিশ্রাম দেয়া উচিত।'
এদিকে গ্রিনের মতো ভুগছে কলকাতা নাইট রাইডার্সও। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি দলটি। গতকালের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। যদিও গতকালের ম্যাচে আজিঙ্কা রাহানের টস জিতে ব্যাটিং বেছে নেয়ার সিদ্ধান্তকে ভুল বলছেন ফিঞ্চ।
তিনি বলেন, 'টস জিতে ব্যাট করার সিদ্ধান্তটা একেবারেই যুক্তিযুক্ত ছিল না। সারাদিন ঢাকা থাকা পিচে আর্দ্রতা থাকে, যা বোলারদের সাহায্য করে, এটা জানা বিষয়। আবহাওয়া, বৃষ্টি ও ম্যাচের পরিস্থিতি সম্পর্কে সব তথ্য থাকার পরও এমন সিদ্ধান্ত নেয়া উদ্বেগজনক। এতে বোঝা যায়, পরিকল্পনায় ভুল ছিল।'