বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন নাহিদ। পিএসএলের গত আসরে ড্রাফট থেকে তাকে দলে নেয় জালমি। দলের কম্বিনেশনের কারণে অবশ্য সেবার কোনো ম্যাচ খেলা হয়নি তার। ম্যাচ খেলাতে না পারলেও নতুন মৌসুমে আবারও নাহিদকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
নিলামের শুরুতে অবিক্রিত ছিলেন নাহিদ। তবে এক্সেলারেটেড রাউন্ডে ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানি রূপিতে ডানহাতি পেসারকে দলে নেয় জালমি। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় পিএসএলের পুরোটা সময়ই খেলবেন তিনি। পিএসএলে দল পাওয়া নিয়ে নাহিদ বলেন, ‘ড্রাফটের (নিলাম) আগে পেশাওয়ার জালমি যোগাযোগা করেছিল।’
গত আসরে ম্যাচ খেলতে না পারা নিয়ে তিনি যোগ করেন, ‘যেটা বললেন ম্যাচের জিনিসটা আমার হাতে নেই। আমার হাতে একটা জিনিসই আছে যে আমি কেমনে পারফর্ম করব এবং নিজের কীভাবে আরও উন্নতি করা যায়। পাশাপাশি নিজের স্কিল যেটা আমার হাতে আছে ওইগুলো কীভাবে উন্নতি করা যায়। এই জিনিসটা আমি সবসময় করে যাওয়ার চেষ্টা করছি।’
নাহিদ ছাড়াও পিএসএলের আগামী আসরে খেলবেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন ও রিশাদ হোসেন। টুর্নামেন্টের নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করে লাহোর কালান্দার্স। নিলাম থেকে ৬০ লাখ রুপিতে পারভেজ ইমনকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
টুর্নামেন্টের গত আসরে লাহোরের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন। শিরোপা জেতার পাশাপাশি ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশের তারকা লেগ স্পিনার আগামী মৌসুমে খেলবেন পিন্ডিজের হয়ে। করাচি কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।