হোয়াইটওয়াশ হয়েও অস্ট্রেলিয়া সফরে প্রাপ্তি দেখছেন জ্যোতি

বাংলাদেশ-অস্ট্রলিয়া সিরিজ
নিগার সুলতানা জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। তবে সিরিজের ফলকে ছাপিয়ে দলের ইতিবাচক দিকগুলোতেই নজর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ব্যাটিংয়ে ব্যক্তিগত রেকর্ড, অধিনায়কের সঙ্গে সোবহানা মোস্তারির ঐতিহাসিক জুটি আর দুই তরুণ পেসারের আন্তর্জাতিক অভিষেক সব মিলিয়ে এই সফর থেকে ভবিষ্যতের জন্য প্রাপ্তি দেখছেন তিনি।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দলটি। শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকে লড়াইয়ের পুঁজি পেলেও তা যথেষ্ট হয়নি। মাত্র ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সোবহানা মোস্তারি খেলেন ১১৮ রানের ইনিংস, যা নারী ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরিও করেন তিনি। জ্যোতির সঙ্গে তার ১৯৫ রানের জুটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ জুটি। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়া দলকে সেই জুটিই লড়াই করার মতো সংগ্রহ এনে দিয়েছিল।

সিরিজ শেষে দলের সম্মিলিত পারফরম্যান্সের ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'প্রতিটি ম্যাচেই দলের কেউ না কেউ এগিয়ে এসেছে। এখান থেকে আমরা অনেক ইতিবাচক দিক পেয়েছি, যেগুলো ভবিষ্যতে কাজে লাগাতে পারব। এই সিরিজ থেকে অনেক কিছু শেখার আছে।'

অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন দুই তরুণ পেসারও। প্রথম ওয়ানডেতে অভিষেক হয় হাবিবা ইসলামের। ছয় ওভারে ৩৬ রান দিয়ে দুই উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সেরা বোলিং করেন তিনি। তার শিকার ছিলেন জর্জিয়া ভল ও বেথ মুনি। সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হয় দিশা বিশ্বাসের। নিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার মুনিকে ফিরিয়ে নজর কাড়েন তিনি। মুনির জন্য ম্যাচটি ছিল ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে।

তরুণদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট জ্যোতি। তিনি বলেন, 'আমরা কয়েকজন তরুণ ক্রিকেটারকে ভালো করতে দেখেছি। দলে দুজনের অভিষেকও হয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাদের জন্য চ্যালেঞ্জ ছিল, তবে মাঠে তারা নিজেদের শতভাগ দিয়েছে।'

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান এখন অষ্টম। ছয় ম্যাচে জয় মাত্র একটিতে। সামনে নিউজিল্যান্ড সফরে মূল্যবান পয়েন্ট অর্জনের লক্ষ্য থাকবে জ্যোতিদের। আগামী ১৮ ডিসেম্বর শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই সিরিজে আরও ভালো করার প্রত্যাশা বাংলাদেশের।

আরো পড়ুন: