বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে একেবারেই ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এখনো পর্যন্ত ১২ টেস্ট খেলে মাত্র দুইটিতে জয় পেয়েছে তারা। ৮ হারের বিপরীতে ক্যারিবীয়রা ড্র করেছে দুটি ম্যাচ। ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। স্যামি জানিয়েছেন, নতুন চক্র শুরুর আগে পয়েন্ট টেবিলের প্রথমার্ধে থাকার পরিকল্পনা করেছিল ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ মনে করেন, বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে সেই কাজটা তাদের জন্য সহজ হবে।
যদিও বাংলাদেশে এসে সিরিজ জেতা মোটেও সহজ হবে না ওয়েস্ট ইন্ডিজের জন্য। বিশেষ করে স্পিন উইকেটে বাংলাদেশ বড় ধরনের চ্যালেঞ্জ জানাতে পারে। বাংলাদেশের সেই চ্যালেঞ্জ নিতে ক্যারিবীয়রা প্রস্তুত আছে বলে মনে করেন স্যামি।
তিনি বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এই চক্রের শুরুতে আমরা নিজেদের কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলাম। যার মধ্যে একটি ছিল র্যাঙ্কিংয়ের প্রথমার্ধে (সেরা পাঁচে) আমাদের অবস্থান নিশ্চিত করা। এই (বাংলাদেশ) সিরিজটি জিতলে আমরা সেই লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছাতে পারব। বাংলাদেশের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলাটা বেশ চ্যালেঞ্জিং হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত।’
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে আসার পর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ২২ থেকে ২৪ অক্টোবর একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ অক্টোবর থেকে ঢাকায় প্রথম টেস্ট এবং ৫ নভেম্বর থেকে সিলেটে হবে দ্বিতীয় টেস্ট।