ধোনির ভবিষ্যৎ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন কাশী। আগামী মৌসুমে ধোনি খেলবেন কি না, সেই সিদ্ধান্ত তার নিজের বলেই জানিয়েছেন চেন্নাইয়ের এই কর্মকর্তা।
কাশী বলেন, 'এর জবাব একমাত্র ধোনিই দিতে পারবে। আমি তাকে জিজ্ঞাসা করব। সে চেন্নাইয়ে আসার পর আমাদের নিজের সিদ্ধান্ত জানাবে। তবে আমার মনে হচ্ছে সে খেলবে। এখনও তো সে চেন্নাইয়ের ক্রিকেটার।'
গত মৌসুমে চোটের কারণে আইপিএলে একটি ম্যাচও খেলতে পারেননি ধোনি। শুরুতে হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। সেই চোট কাটিয়ে ওঠার আগেই নতুন করে চোট পান উইকেটরক্ষক এই ব্যাটার। ফলে পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হয় তাকে।
তবে দলের সঙ্গেই ছিলেন ধোনি, নিয়মিত অনুশীলনও করেছেন। মাঠের বাইরে থেকেও তরুণ ক্রিকেটারদের পাশে ছিলেন তিনি। ধোনির দলে থাকার গুরুত্ব তুলে ধরেছিলেন চেন্নাইয়ের তৎকালীন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংও।
তিনি বলেছিলেন, 'ধোনি গোটা মৌসুম আমাদের সঙ্গেই থেকেছে। সে থাকায় অনেক সুবিধা হয়েছে। তরুণ ক্রিকেটারদের সে অনেক কিছু শিখিয়েছে। তার থাকাটাই বড় কথা। দলে তার প্রভাব অনেক।'
গত মৌসুমে চেন্নাইয়ের মাঠে শেষ ম্যাচের পর ধোনিকে আরও একটি মৌসুম খেলার অনুরোধ করেছিলেন তার সাবেক সতীর্থ সুরেশ রায়না। যদিও সরাসরি সম্মতি দেননি ধোনি, তবে বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছিলেন। নিজের শারীরিক অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।