আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি: শান্ত

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। টাইগারদের দেয়া ৪৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ৩৪৬ রান তুলে ম্যাচ ড্র করেছে আফগানিস্তান। ম্যাচ ড্রয়ের পেছনে বড় দায় আছে বাংলাদেশের ফিল্ডারদের। একের পর এক ক্যাচ মিস ও রান আউট মিস ম্যাচ ফসকে দিয়েছে হাত থেকে।

ম্যাচ শেষে নিজের হতাশা লুকাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি স্পষ্ট স্বীকার করে নিয়েছেন সুযোগগুলো কাজে লাগাতে পারেননি তারা। তবে পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। সেই সঙ্গে ভালো খেলার জন্য আফগানিস্তানকে বাহবা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, 'হতাশাজনক, তবে আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। পেসাররা খুব ভালো বোলিং করেছে। আশা করেছিলাম, স্পিনাররাও ম্যাচে প্রভাব ফেলবে। তারা চেষ্টা করেছে, তবে আফগানিস্তান সত্যিই অসাধারণ খেলেছে।'

এই ম্যাচের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। আর তাতেই প্রথম ইনিংসে আফগানিস্তানকে ২৪০ রানে বেধে ফেলেছিল বাংলাদেশ। ম্যাচ শেষেও হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন শান্ত। তিনি জানিয়েছেন হাসানকে যখনই বল হাতে তুলে দিয়েছেন সব সময়ই দারুণ কিছু করে দেখিয়েছেন এই পেসার। অস্ট্রেলিয়া সিরিজের উদাহরণও টেনেছেন তিনি।

শান্ত বলেন, 'আমি যখনই হাসানের হাতে বল তুলে দিই, সে দলের জন্য দারুণ কিছু করে দেখায়। অস্ট্রেলিয়া হোক কিংবা এখানকার কন্ডিশন, সব জায়গাতেই সে অসাধারণ। ইবাদত, তাসকিন, রানা ও শরীফুলকে নিয়ে আমাদের পেস ইউনিটও দুর্দান্ত। তারা অনেক পরিশ্রম করে। আশা করি, গত কয়েক বছরে যেভাবে পারফর্ম করেছে, সামনেও সেই ধারাবাহিকতা ধরে রাখবে।'

এক টেস্টে ফিফটি, সেঞ্চুরি আর সঙ্গে ৯ ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস। লিটনের গত কয়েক বছরের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। দারুণ কিপিং ও ব্যাটিংয়ের সংগে বিভিন্ন রিভিউ নেয়ার ক্ষেত্রেও অধিনায়ক শান্তকে তিনি অনেক সহায়তা করেছেন।

কৃতজ্ঞতা স্বীকার করে শান্ত বলেন, 'এই ম্যাচে লিটন যেভাবে খেলেছে, তা সত্যিই অসাধারণ। শুধু এই ম্যাচেই নয়, গত কয়েক বছর ধরেই উইকেটের পেছনে সে দারুণ পারফর্ম করছে। ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও তার সিদ্ধান্তগুলো চমৎকার। এমন কন্ডিশনে সেঞ্চুরি করার পর ১৪০ ওভার উইকেটকিপিং করে সে যেভাবে নিজের সামর্থ্য ও মানসিক দৃঢ়তা দেখিয়েছে, তা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো দিক। সে দারুণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। আশা করি, ব্যাটিং ও উইকেটকিপিং দুটোতেই সে এভাবে ভালো খেলা চালিয়ে যাবে।'

আরো পড়ুন: