হ্যাজেলউডের ৬ উইকেট, প্রোটিয়াদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
উইকেট নেয়ার পর জশ হ্যাজেলউড
উইকেট নেয়ার পর জশ হ্যাজেলউড
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার জয় তুলে নেয়া ছিল শুধু সময়ের ব্যাপার। আগেরদিনই ৪ উইকেট তুলে নিয়ে কাজটা অনেকটাই সেরে রেখেছিলেন অজি বোলাররা। শেষদিনে সাউথ আফ্রিকাকে ২০৬ রানে অল আউট করে দিয়ে ২১৪ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের একাই ধসিয়ে দিয়েছেন জশ হ্যাজেলউড। অজি এই পেসার একাই নিয়েছেন ৬ উইকেট। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্যাট কামিন্সের দল।

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে সেই লিড আরও বাড়িয়ে নেয় অজিরা। তারা প্রোটিয়াদের ৪২১ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩১৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে রীতিমতো ধুঁকতে থাকে সাউথ আফ্রিকা।

তারা ৮৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে। আগের দিন অপরাজিত থাকা উইয়ান মুল্ডার দিনের শুরুতেই ফেরেন ২৯ রান করে। হ্যাজলউডের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৯ রান করা মুল্ডার। ১১০ বলের ইনিংসটি খেলতে তিনি ক্রিজে ছিলেন ১৩৯ মিনিট। পরের ওভারেই নিজের অফ স্পিনে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কাইল ভেরেইনকে ফেরান ম্যাচসেরা ম্যাট রেনশ।

তার বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দেন ভেরেইন। মার্করামের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েছিলেন মার্কো জানসেন। ৩৫ রান করা এই ব্যাটসম্যানকে দ্বিতীয় নতুন বলে বোল্ড করেন হ্যাজেলউড। তিন বল পর যের দ্রুত উঠে আসা বলে গ্লাভসে লেগে ক্যারির হাতে ক্যাচ দেন সাইমন হার্মার।

এরপর দ্রুতই গুটিয়ে যায় সাউথ আফ্রিকার ইনিংস। শেষ চার উইকেট পড়েছে মাত্র ১৬ বলের মধ্যে, যোগ হয়েছে মাত্র ৫ রান। প্রায় ছয় ঘণ্টা ব্যাটিং করে মার্করাম আউট হন দলের নবম ব্যাটসম্যান হিসেবে। মিচেল স্টার্কের বলে ভেতরের কানায় লেগে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। প্রোটিয়া এই ব্যাটার ২৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন।

এই রানও প্রোটিয়াদের জয়ের জন্য যথেষ্ট ছিল না। সাউথ আফ্রিকাকে গুটিয়ে দেয়ার পথে একাই ৬ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। দুটি উইকেট নেন রেনশ। আর একটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও কামিন্স। ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর সাউথ আফ্রিকার মাটিতে দুই দলের এটাই প্রথম টেস্ট সিরিজ। প্রথম টেস্টে জয় দিয়ে সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: