মূল পেসারদের বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা ইংল্যান্ডের

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট
জফরা আর্চার ও গাস অ্যাটকিনসন, ফাইল ছবি
জফরা আর্চার ও গাস অ্যাটকিনসন, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বিশ্রাম দেওয়া হয়েছে চার পেসার-জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার ও জশ টাংকে। ডিসেম্বরে সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে তাদের চোটমুক্ত রাখতে চায় ইংল্যান্ড। একই সঙ্গে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ৫০ ওভারের ক্রিকেটে প্রস্তুতিকে বেশি গুরুত্ব দিচ্ছে দলটি।

অস্ট্রেলিয়া সফরের জন্য ওয়ানডে দলও ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়ানডেতে রাখা হয়েছে প্রায় পূর্ণ শক্তির দল। অন্যদিকে, টি-টোয়েন্টি দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার থমাস রিউ ও হ্যাম্পশায়ারের পেসার এডি জ্যাক। চোটের কারণে জস বাটলার ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন আনিউরিন ডোনাল্ড।

ওয়ানডে দলে ফিরেছেন আর্চার ও জ্যাকব বেথেল। হাঁটুর চোটের কারণে বেথেল কিছুদিন মাঠের বাইরে ছিলেন। ইংল্যান্ডের জাতীয় নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। তিনি বলেন, 'ওয়ানডে সিরিজে জ্যাকব বেথেল ও জোফরা আর্চারের ফেরায় আমরা বিশ্বকাপের প্রস্তুতি প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে এগিয়ে নিতে পারব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চার পেসারকে দেশে ফিরিয়ে আনা হবে, যাতে সাউথ আফ্রিকা সফরের আগে তাদের কাজের চাপ নিয়ন্ত্রণ করা যায়।'

ডিসেম্বরের ১৭ তারিখ জোহানেসবার্গে শুরু হবে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ৯ থেকে ১১ ডিসেম্বর ডারবানে সিএসএ আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। টেস্ট সিরিজের আগে পেসারদের সাউথ আফ্রিকায় আগেভাগে পাঠানোর পরিকল্পনা রয়েছে, যাতে তারা সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি দলের নতুন টেস্ট বোলিং কোচ এরিক সিমন্সের সঙ্গে কাজ করতে পারেন।

টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি রেহান আহমেদের। ঘরের মাঠে সাম্প্রতিক গ্রীষ্মে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাদ পড়েছেন তিনি। আবারও চোটে পড়ায় দলে নেই সাকিব মাহমুদ। হাঁটুর অস্ত্রোপচারের জন্য মঙ্গলবার তাঁর চিকিৎসা নেওয়ার কথা। ডার্বিতে একটি নাইটক্লাবের বাইরে আচরণ নিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তদন্ত চলায় ব্রাইডন কার্সকেও দুই সংস্করণের কোনো দলেই রাখা হয়নি। এ বিষয়ে ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, তদন্ত শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটে কার্সের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মাসে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারানো দল থেকে এবার বেশ কিছু পরিবর্তন এনেছে ইংল্যান্ড। চোট কাটিয়ে ফিরেছেন ফিল সল্ট ও স্যাম কারান। বেন ডাকেটের জায়গায় সুযোগ পেয়েছেন থমাস রিউ। পেস আক্রমণেও বড় পরিবর্তন এসেছে, যেখানে জেমি ওভারটন ছাড়া আগের দলের অন্য পেসারদের রাখা হয়নি। নির্বাচক নর্থ বলেন, 'হ্যারি ব্রুকের নেতৃত্বে আমাদের টি-টোয়েন্টি দল ভালো ফর্মে আছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ নিয়ে আমরা আশাবাদী।'

অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।

অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জেমস কোলস, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, আনিউরিন ডোনাল্ড, এডি জ্যাক, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, থমাস রিউ, ফিল সল্ট ও লুক উড।

ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরের সূচি: ৭ নভেম্বর পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ। ১৩ নভেম্বর পার্থে প্রথম ওয়ানডে, ১৫ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে এবং ১৮ নভেম্বর হোবার্টে তৃতীয় ওয়ানডে। এরপর ২১ নভেম্বর মেলবোর্নে প্রথম টি-টোয়েন্টি, ২৪ নভেম্বর গোল্ড কোস্টে দ্বিতীয়, ২৭ নভেম্বর ব্রিসবেনে তৃতীয়, ২৯ নভেম্বর সিডনিতে চতুর্থ এবং ২ ডিসেম্বর ক্যানবেরায় পঞ্চম টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আরো পড়ুন: