আগামী ১৬ অক্টোবর ইকবাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। লঙ্কানরা নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে হারের স্বাদ পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ৫ ম্যাচে ৬ পয়েন্ট তুলে নিয়েছে। বাংলাদেশ যে দুটি ম্যাচে হেরেছে এই টুর্নামেন্টে দুটিই শ্রীলঙ্কার বিপক্ষে।
অন্যদিকে পাকিস্তান পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালেও পয়েন্ট টেবিলে কোনো হেরফের হবে না। ফলে ফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই নিশ্চিত হয়ে গেছে।
এ দিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। অধিনায়ক সাদিয়া ইসলাম খেলেন ২৮ বলে ৪৪ রানের ইনিংস। তার ইনিংস জুড়ে ছিল ২টি ছক্কা ও ৩টি চারের মার। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম, সাহারা বানু ও মাহনুর জেব নেন একটি করে উইকেট।
জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তানের। একপ্রান্ত আগলে রেখে রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তিনি দুটি করে ছক্কা ও চার মারেন। তিনি রান আউট হতেই পাকিস্তানের জয়ের সম্ভাবনা ফিকে হয়ে যায়।
নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকরা ৯ উইকেটে ১০৪ রানে আটকে যায়। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। এই জয়েই ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশ দলের।