গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বশেষ খেলেছিলেন শামি। এরপর ঘরোয়া ক্রিকেটে একাধিকবার ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। তিন সংস্করণের ক্রিকেটেই নির্বাচকদের বিবেচনার বাইরে রয়েছেন এই পেসার।
ভুবনেশ্বরের জাতীয় দলে ফেরা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামি বলেন, 'ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছে। খুব ভালো লাগছে ওর জন্য। কিন্তু ও দলে সুযোগ পাওয়ায় আমি একটুও চিন্তিত নই। যখনই খেলার সুযোগ পাব, নিজের সেরাটা দেব। এখন আমার মনোযোগ শুধুই রঞ্জি ম্যাচে।'
জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ না করে নিজের পারফরম্যান্সেই মন দিতে চান শামি। তার দাবি, গত কয়েক বছরে বাংলার হয়ে খেলে নিজের সামর্থ্য ও ফিটনেসের প্রমাণ দিয়েছেন তিনি।
এ নিয়ে শামি বলেন, 'গত দু-তিন বছর ধরে আমার সঙ্গে এটাই হয়ে চলেছে। আমি ভালো খেলছি এবং বাংলার হয়ে নিজের ফিটনেসের প্রমাণও দিয়েছি। যদি কোনও দিন ভারতের হয়ে আর না খেলতে পারি, তা হলে আমার কোনও ক্ষতি হবে না।'
সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতেই ভুবনেশ্বরকে দলে ফেরানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় দল। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলার পরও শামি কেন সুযোগ পাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এ বিষয়ে নির্বাচকদের পক্ষ থেকে স্পষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
এদিকে শনিবার দিল্লির বিপক্ষে রঞ্জি ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলা। ম্যাচের আগে শুক্রবার কোচ লক্ষ্মীরতন শুক্ল ও সহকারী কোচ সুরেন্দ্র ভাবের তত্ত্বাবধানে অনুশীলন করেছে দল। অনুশীলন শেষে ক্রিকেটারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অরুণ লাল।