দুই ম্যাচেই বাজে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে ৪১ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। তবে কোনো ম্যাচেই ব্যবহার করা হয়নি মোসাদ্দেক হোসেনের মতো অলরাউন্ডারকে।
খালেদ মাহমুদ সুজন মনে করেন এমন উইকেটে মুস্তাফিজ খারাপ করবেন সেটা অপ্রত্যাশিত। তবে মোসাদ্দেককে ব্যবহার করা উচিত ছিল। তিনি বলেন, 'খুব অপ্রত্যাশিত যে মুস্তাফিজ ভালো করেনি। খুবই অবিশ্বাস্য যে মুস্তাফিজ এত রান দিয়েছে ওই রকম উইকেটে। এটা হতেই পারে আসলে। তবে আমি জানি না মোসাদ্দেক কেন বল করেনি।'
মোসাদ্দেককে দিয়ে বোলিং করালে বাংলাদেশ ভালো সুযোগ তৈরি করতে পারত বলেও ধারণা সুজনের। তিনি যোগ করেন, 'এই উইকেটে মোসাদ্দেক হয়তো ইউসফুল হতে পারত। মোসাদ্দেক তো এই ফরম্যাটে ভালো বল করে। ওইখানে মোসাদ্দেক এক ওভারও বল করেনি, সেটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছি আসলে।'
শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। এমন ব্যর্থতার পর ১৬৫ রান তাড়া করা কঠিন বলেই মনে করেন সুজন। পাশাপাশি শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে হার কষ্ট দিয়েছে সুজনকে।
বাংলাদেশের এই অভিজ্ঞ কোচ বলেন, 'সাইফ, তামিম, হৃদয়, লিটন তাদের কেউই রান করেনি। সুতরাং চারটা প্রথম সারির ব্যাটসম্যান রান না করলে ১৬৫ তাড়া করা খুবই খুবই কঠিন এই ফরম্যাটে। শুরুতেই উইকেট হারিয়ে ফেলার কারণে আজকে আর এটা হয় নাই। শ্রীলঙ্কার তো দল আমি দেখলাম যে পূর্ণ শক্তির দল নয়। এটা একটু কষ্ট পেয়েছি যে আমাদের তো অনেক শক্তিশালী দলই ছিল, সেখানে আমরা ভালো করিনি। এটা আমাদের একটু খারাপ লাগারই ব্যাপার।'