এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এশিয়ান গেমস
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটের সম্ভাব্য সেরা দল পাঠাচ্ছে ভারত। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে খেলবেন অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, ইশান কিশান, বৈভব সূর্যবংশী, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিয় বুমরাহ ও আর্শদীপ সিংয়ের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। এশিয়ান গেমসে আবারও সোনা জিততে পূর্ণশক্তির দলই পাঠাচ্ছে ভারত।

পাকিস্তানের হয়ে খেলবেন সাহিবজাদা ফারহানসহ জাতীয় দলের চার ক্রিকেটার। শ্রীলঙ্কার দলেও থাকছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভারত-পাকিস্তানের এমন স্কোয়াড দেখে বাংলাদেশও পূর্ণশক্তির দল পাঠাচ্ছে। লিটন দাসের অধীনে খেলবেন মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটাররা। অথচ শুরুতে এইচপি দল পাঠানোর কথা ছিল বাংলাদেশের।

এ প্রসঙ্গে মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘প্রথমে আমাদের কিন্তু এইচপি দল পাঠানোর কথা ছিল। কিন্তু যখন আমরা দেখলাম অন্যান্য দেশগুলো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে সেখানে আমরা কেন পাঠাব না? আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে। আমাদের যে সূচি আছে আমি মনে করি আমাদের ফাইনালে যাওয়ার মতো খুব ভালো একটা সুযোগ আছে, আমরা যদি ভালো খেলি।’

গত কয়েক মাসে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়ে উঠেনি বাংলাদেশের। সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে জিম্বাবুয়ে সফরে। টেস্ট এবং ওয়ানডেতে ব্যস্ত সময় পার করায় টি-টোয়েন্টিতে মানিয়ে নিতে খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের। এশিয়ান গেমসে এটাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘গত কয়েকটা সিরিজে আমরা টি-টোয়েন্টি খেলছি না। আমরা যত তাড়াতাড়ি পারি এটা মানিয়ে নিব। টি-টোয়েন্টি আমরা যে ছন্দে ছিলাম তিন-চার মাস আগে সেই ছন্দটা কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারি ছেলেদের জন্য এটাই একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু টেস্ট খেলছিলাম, ওয়ানডে খেলছিলাম, টি-টোয়েন্টি গত কয়েকটা মাস খেলিনি।’

২৪ সেপ্টেম্বর মাঠ গড়াবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। তবে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পাওয়ায় বাংলাদেশকে গ্রুপ পর্ব খেলতে হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৮ সেপ্টেম্বর। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে হংকং বা ওমানের কেউই। ২০১০ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন মোহাম্মদ আশরাফুল। এবারও সেটাই করে দেখাতে চায় বাংলাদেশ।

সালাহউদ্দিন জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়া ছাড়া বিকল্প চিন্তা করার সুযোগ নেই। তিনি বলেন, ‘আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ তো সবসময় পাওয়া যায় না । আমি মনে করি এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না।’

‘কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে যাতে আমরা ভালো করি। আমি আশাবাদী আমরা ভালো করব। দেখুন— যেহেতু খেলাধুলা করতে আসছি এখানে চ্যাম্পিয়ন চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা আশা করব ছেলে-মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো পদক নিয়ে আসব।’

আরো পড়ুন: