টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘটনা তদন্তের রিপোর্ট আগামী সপ্তাহে

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ কেন ভারত যায়নি সেই সিদ্ধান্ত তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও চার মাসেও সেটা জমা পড়েনি। তবে আমিনুল হক জানিয়েছেন, আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে তদন্ত রিপোর্ট।

আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার পর কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের মানুষের জনরোষের মুখে বাঁহাতি পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে নেয় তিনবারের চ্যাম্পিয়নরা। এমন ঘটনার পর ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ায় এজন্য আইসিসিকে চিঠিও দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও তাদেরকে রাজি করানো যায়নি। পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ নজরুলের কথায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠায়নি বিসিবি।

শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পেছনে সত্যিই নিরাপত্তা শঙ্কা ছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল, এসব নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত মে মাসে কমিটি গঠন করা হলেও চার মাসেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। আমিনুল বলেন, ‘এটা (বিশ্বকাপে না যাওয়ার তদন্ত রিপোর্ট) আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন।’

তিন সদস্যের কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যা। তার সঙ্গে কমিটিতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার ও সুপ্রিম কোর্টের আইনজীবি ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল জানিয়েছেন, যিনি রিপোর্ট দেবেন তিনি দেশের বাইরে আছেন। তিনি আসা মাত্রই রিপোর্ট সবার সামনে উপস্থাপন করা হবে। আমিনুল বলেন, ‘যিনি তদন্ত রিপোর্টটা পেশ করবেন তিনি এখন দেশের বাইরে আছেন। তিনি আসা মাত্রই পরবর্তী সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করা হবে।’

আরো পড়ুন: