দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে ৭ উইকেটে জয় পায় ভারত। পাকিস্তানের হয়ে অবশ্য বল হাতে লড়াই করেছিলেন ফতিমা। তিনি ১৭ রানে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু ম্যাচে তার একটি উদ্যাপনই পরে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে।
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা শেফালি ফতিমার ষষ্ঠ বলে ক্যাচ তুলে দেন বোলারের কাছেই। ক্যাচটি নেওয়ার পর ফতিমা শেফালিকে প্যাভিলিয়নের দিকে যাওয়ার ইঙ্গিত করেন। ম্যাচের পর এই আচরণ নিয়ে সমালোচনা হয়। আইসিসিও ঘটনাটিকে আচরণবিধির লেভেল-১ অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে হেয় করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে। এই ধারাতেই ফতিমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসির দেওয়া শাস্তির প্রস্তাব মেনে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এটি অবশ্য ফতিমার ২৪ মাসের মধ্যে দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। নতুন পয়েন্ট যোগ হওয়ায় গত ২৪ মাসে তার ডিমেরিট পয়েন্ট এখন দুটি। লেভেল-১ অপরাধে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
তবে ভারতের বিপক্ষে হারের পরও পাকিস্তানের এশিয়া কাপের সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়নি। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে থাকা দলটির সামনে এখন হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচ। সেমিফাইনালে উঠতে সেই ম্যাচে জিততেই হবে ফাতিমার দলকে।