বিসিবির পাঠানো এক ভিডিওতে নাহিদের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলাম। চোট পাওয়ার পর ফিজিওর পক্ষ থেকে তাকে বোলিং না করতে দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।
২৩ বছর বয়সী এই গতিতারকা সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সেরা বোলিং করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ২.৩ ওভার বল করার পরই মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার আগে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
ম্যাচ শেষে বায়জিদুল ইসলাম বলেন, ‘আজকের ম্যাচে নাহিদ রানা বাঁ পাশের পেশিতে ব্যথার কথা জানিয়েছে। এরপর আমরা তাকে আর বোলিং করতে দিইনি। আগামীকাল তাকে পর্যবেক্ষণে রাখা হবে। সকালে প্রয়োজন হলে স্ক্যান করানো হবে। মাঠে ফিরতে কত সময় লাগবে, সেটিও পরে জানানো হবে।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাহিদের চোট নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। তিনি অবশ্য দ্রুতই নাহিদের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আশা করছি, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’