বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচকেরা রোহিতকে জানিয়ে দিয়েছেন যে ওয়ানডে দলে ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি আর নেই। এর পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে রোববারের তৃতীয় ওয়ানডেই হতে পারে রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে বিসিসিআই এমন দাবি দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে। একই সঙ্গে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকেও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা না বলার নির্দেশ দিয়েছে।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিতের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তা সংবাদমাধ্যমে চলে আসায় বিসিসিআই সন্তুষ্ট নয়। বোর্ড নির্বাচকদের এ বিষয়ে নীরব থাকার নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোহিতের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে এবং প্রধান কোচ গৌতম গম্ভীরও পুরো বিষয়টি সম্পর্কে অবগত।
এদিকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া রোহিতের অবসর নিয়ে চলা গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে অনেক জল্পনা চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, লর্ডসে রোববারই রোহিতের শেষ ম্যাচ হবে, এমন কোনো আলোচনা হয়নি।’
প্রতিবেদন অনুযায়ী, রোহিত আপাতত অবসরের কোনো পরিকল্পনা করছেন না। এ বিষয়ে তিনি বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার ইচ্ছার কথাও কখনো গোপন করেননি ভারতীয় ওপেনার। তবে একই প্রতিবেদনে দুটি ভিন্ন সূত্রের বিপরীতমুখী দাবি তুলে ধরা হয়েছে।
এক পক্ষের দাবি, রোহিত এখনই অবসরের কথা ভাবছেন না। অন্য পক্ষের মতে, নির্বাচক ও প্রধান কোচের মনোভাবে তিনি অসন্তুষ্ট এবং শেষ পর্যন্ত নিজেই অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। ২০২৬ সালে ব্যাট হাতে অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেননি রোহিত। ৮ ইনিংসে করেছেন ২৪১ রান। আছে মাত্র একটি হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁর সংগ্রহ ১১ ও ২৬ রান।