এমনটাই নিশ্চিত করা হয় ভারতীয় গণমাধ্যমের বরাতে। সর্বশেষ আইপিএলের সময় থেকেই রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছিলেন নির্বাচকেরা। সেই আলোচনায় ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীরও। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে রোহিতের অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব দেবজিত সাইকিয়া।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোববার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচই রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ নয়। সংবাদ সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেন, ‘রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অনেক জল্পনা চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, লর্ডসে রোববারের ম্যাচটিই রোহিতের শেষ ম্যাচ হবে, এমন কোনো আলোচনা হয়নি।’
পাশাপাশি তিনি আরও যোগ করেন, ‘রোহিত ভারতীয় ওয়ানডে দলের নিয়মিত সদস্য। দলের পরিকল্পনায় যতদিন তিনি থাকবেন, ততদিন দেশের প্রতিনিধিত্ব করে যাবেন। অন্যভাবে বললে, লর্ডসের ওয়ানডে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ নয়।’
রোহিতের অবসর নিয়ে আলোচনা জোরালো হয় বৃহস্পতিবার কার্ডিফে দ্বিতীয় ওয়ানডের সময়। সেই ম্যাচে ৪৭ বলে ২৬ রান করেন ৩৯ বছর বয়সী এই ওপেনার। এর আগে এজবাস্টনে প্রথম ওয়ানডেতেও ২১ বলে মাত্র ১১ রান করেছিলেন তিনি। তবে কার্ডিফে হারের পর ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বলেন, রোহিত কোনো চাপের মধ্যে নেই।
তার বিশ্বাস, লর্ডসে অভিজ্ঞ এই ব্যাটার সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ইনিংস খেলবেন। গত জুনে ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে দেশের হয়ে ওয়ানডে খেলা সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারের রেকর্ড গড়েন রোহিত। তিনি ছাড়িয়ে যান মহিন্দর অমরনাথকে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সেই সিরিজে তাঁর রান ছিল ১৬, ৪৮ ও ৭৯।