ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ফ্লাওয়ার

ইংল্যান্ড ক্রিকেট
অ্যান্ডি ফ্লাওয়ার
অ্যান্ডি ফ্লাওয়ার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই ইংল্যান্ড টেস্ট প্রধান কোচের চাকরি থেকে ব্রেন্ডন ম্যাককালামকে বরখাস্ত করেছে ইল্যান্ড। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়াও শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের লাল বলের কোচ হওয়ার দৌড়ে ভালোভাবেই এগিয়ে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তবে হ্যারি ব্রুক-জো রুটদের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লাওয়ার নিজেই।

গত অ্যাশেজে ভরাডুবি হওয়ার পরই ইংল্যান্ডের চাকরি হারানোর কথা ছিল ম্যাককালামের। যদি শেষ পর্যন্ত টিকে যান তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার ও ড্রেসিং রুমের সংস্কৃতি নষ্ট হয়ে যাওয়ায় তাকে সরিয়ে দিয়েছে ইসিবি। যদিও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ হিসেবে থাকছেন ম্যাককালাম। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে খেলার পরই পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে হবে ইংল্যান্ড। ওই সময়ের মধ্যে টেস্ট দলের প্রধান কোচও খুঁজে বের করতে হবে তাদের।

ম্যাককালামের জায়গায় ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের প্রার্থীদের মধ্যে ইসিবির পছন্দের তালিকায় সবার উপরে ছিলেন ফ্লাওয়ার। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ওই সময়ের মধ্যে তিনটি অ্যাশেজ জেতার পাশাপাশি ভারত সিরিজও জিতে ইংল্যান্ড। তারপর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করানো শুরু করেন ফ্লাওয়ার। ইংল্যান্ডকে লাল বলের ক্রিকেটে পুরনো অবস্থায় ফেরাতে তার দ্বারস্থ হয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।

যদিও ইংল্যান্ডের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্লাওয়ার। ইসিবির সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে তার। পাশাপাশি ম্যানেজিং ডিরেক্টর রব কির সঙ্গেও আলোচনা হয়েছে অভিজ্ঞ এই কোচের। ফ্লাওয়ারকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি চাইলে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার পাশাপাশি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও কোচিং করাতে পারবেন। এজন্য তাকেও ছুটিও দেবে ইসিবি। তবুও তাদের প্রস্তাবে রাজি হননি তিনি।

এ প্রসঙ্গে ফ্লাওয়ার বলেন, ‘হ্যাঁ (ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব) পেয়েছি। আমি ইসিবির সঙ্গে কথা বলেছি। আমরা সবাই অবগত আছি ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হওয়ার পদটি খালি আছে এবং এই বিষয়ে আমার রবি (কি) ও ইসিবির সঙ্গে কথা হয়েছে। কিন্তু আমার মূল কথা হচ্ছে, এই মুহূর্তে আমি যে কাজ করছি সেটা নিয়ে খুব খুশি আছি।’

১৯ আগষ্ট থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। অর্থাৎ এক মাসের মধ্যেই নতুন কোচ খুঁজে বের করতে হবে তাদের। ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে আছেন জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিং, রিচার্ড ডওসন, জনাথন ট্রট, মাইক হেসন, টম মুডি এবং কুমার সাঙ্গাকারা। অ্যান্ড্রু ফ্লিনটফের কথা শোনা গেলেও তাকে প্রস্তাব দেয়নি ইংল্যান্ড। কাউকে না পাওয়া গেলে মার্কাস ট্রেসকোথিককে পাকিস্তান সিরিজের জন্য দায়িত্ব দিতে পারে ইসিবি।

আরো পড়ুন: