কাউন্টি অভিষেকেই উজ্জ্বল হাসান, কেন্টের বড় লিড

কাউন্টি ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের অভিষেকেই পাঁচ উইকেট নিতে চেয়েছিলেন হাসান মাহমুদ। তবে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের পেসারের। দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন হাসান। কেথ ডজোন ও হাসানের আগুনে বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে ল্যাঙ্কাশায়ার। ফলে প্রথম ইনিংস শেষে ৯১ রানের লিড পেয়েছে কেন্ট।

ইনিংসের ১৯তম ওভারে প্রথমবার হাসানের হাতে বল তুলে দেন কেন্টের অধিনায়ক ড্যানিয়েল ড্রুমন্ড। যদিও বোলিংয়ে শুরুটা ভালো হয়নি তার। নিজের প্রথম ওভারে ছক্কা হজম করার পাশাপাশি একটি নো বলে ৯ রান দিয়েছিলেন হাসান। তবে দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পান।

রাউন্ড দ্য উইকেট থেকে হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন মার্কাস হ্যারিস। এজ হয়ে দ্বিতীয় স্লিপে থাকা নর্থইষ্টকে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। একটু পর হাসানের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন লিয়াম লিভিংস্টোন। যদিও তাকে খুব বেশিক্ষণ টিকতে দেননি তিনি।

হাসানের অফ স্টাম্পের বাইরের আউটসুইং ডেলিভারিতে এজ হয়েছেন লিভিংস্টোন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। পরবর্তীতে জোসেফ মুরসকেও ফেরান হাসান। ৬ ওভারে ৩২ রান খরচা করে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার। প্রথম ইনিংসে স্বপ্ন পূরণ না হলেও দ্বিতীয় ইনিংসে সুযোগ থাকছে হাসানের।

হাসানের পাশাপাশি আগুনে বোলিংয়ে বাজিমাত করেছেন ডজোন। ডানহাতি এই পেসার মাত্র ২১ রানে ৬ উইকেট নিয়েছেন। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৭ রানে অল আউট হয়েছে ল্যাঙ্কাশায়ার। প্রথম ইনিংসে ব্যাটিং করে ১৭৮ রান তোলে কেন্ট। ফলে প্রথম ইনিংসে ৯১ রানের লিড পেয়েছে হাসানের দল।

আরো পড়ুন: