বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাই এই বোলারদের সম্পর্কে অস্ট্রেলিয়ানদের ধারণা ছিল স্পষ্ট। তবে সেই প্রস্তুতি মাঠে কাজে লাগাতে পারেননি তারা। প্রথম ওয়ানডেতে নাহিদ রানা এবং দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান বল হাতে গড়ে দিয়েছেন পার্থক্য। সিরিজ হারার পর অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস ল্যাবুশেনও স্বীকার করেছেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি তারা।
এ প্রসঙ্গে ল্যাবুশেন বলেন, 'এই সিরিজে আসার আগে আমার মনে হয় বাংলাদেশকে ছোট করে দেখার কোনো ভাবনাই ছিল না। পিএসএলে আমি ওদের বেশ কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে খেলেছি। সেখানে শরিফুল, রানা ও মুস্তাফিজ ছিল। আপনারা জানেন তারা কতটা ভালো মানের খেলোয়াড়। তারপর এখানে এসে আমরা সুযোগটির জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি।'
সম্প্রতি পাকিস্তানের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ যে আত্মবিশ্বাস নিয়ে খেলছে, সেটিরও প্রশংসা করেছেন অজি ব্যাটার। ওয়ানডে সিরিজ হারের ব্যথা ভুলে আসন্ন টেস্ট সিরিজে চোখ রাখছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চায় অস্ট্রেলিয়া।
ল্যাবুশেন বলেন, 'পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ওরা যেভাবে খেলেছে, বাংলাদেশ দারুণ পারফরম্যান্স করেছে। আমরা এটা নিশ্চিত করব যে ওরা যখন অস্ট্রেলিয়াতে আসবে তখন আমরা যেন পুরোপুরি প্রস্তুত থাকি।'
বাংলাদেশের কোনো বোলারকেই হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। বরং চলমান সিরিজকে তারা ভবিষ্যতের প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে। বিশেষ করে বাংলাদেশের পেসারদের কাছ থেকে শেখার সুযোগ হিসেবে নিচ্ছেন অজি ক্রিকেটাররা।
ল্যাবুশেন বলেন, 'আমার মনে হয় আমরা ওদের কোনো বোলারকেই হালকাভাবে নিচ্ছি না। তাই আমরা যেন খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, সেটি নিশ্চিত করব। আমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে যে ছেলেরা খেলবে।'
তিনি আরও বলেন, 'তাদের জন্য এই বোলারদের সামনাসামনি দেখা এবং তারা কীভাবে বল করে সে অনুযায়ী কিছু পরিকল্পনা ও কৌশল তৈরি করার এটি ভালো সুযোগ। তাই আমি মনে করি এটি আমাদের জন্য ইতিবাচক। সবকিছুরই একটা ভালো দিক থাকে। হ্যাঁ, আমরা সিরিজ হেরেছি এবং আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি, তবে এই সফর থেকে আমাদের বেশ কিছু ছোট ছোট ইতিবাচক বিষয় নেওয়ার আছে।'