মেয়াদ শেষ হবার আগেই কোচের দায়িত্ব ছাড়লেন বোথা

বিগ ব্যাশ
জোহান বোথা, ফাইল ফটো
জোহান বোথা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চুক্তির এখনও এক বছর বাকি থাকলেও অস্ট্রেলিয়ার রাজ্য দল কুইন্সল্যান্ড এবং বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল ব্রিসবেন হিটের প্রধান কোচের পদ ছেড়েছেন জোহান বোথা। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড ক্রিকেট। সাম্প্রতিক মৌসুমে কুইন্সল্যান্ড শেফিল্ড শিল্ড ও ওয়ানডে কাপে তৃতীয় স্থানে শেষ করলেও বোথার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এর আগের মৌসুমে তার প্রথম বছরেই শেফিল্ড শিল্ডের ফাইনালে উঠেছিল দলটি।

বোথার মেয়াদে অবশ্য ব্রিসবেন হিটের সাফল্য তুলনামূলক কম ছিল। ২০২৩-২৪ মৌসুমে ওয়েড সেককম্বের অধীনে শিরোপা জয়ের পর বোথার দায়িত্ব গ্রহণের পরবর্তী দুই মৌসুমে দলটি যথাক্রমে পঞ্চম ও সপ্তম স্থানে শেষ করে।

কুইন্সল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী টেরি সভেনসন বলেন, 'মাঠের সব লক্ষ্য আমরা অর্জন করতে না পারলেও কুইন্সল্যান্ড ও ব্রিসবেন হিটের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের বিকাশে জোহান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অবদানকে আমরা মূল্যায়ন করি। শেফিল্ড শিল্ড, ওয়ানডে কাপ ও বিবিএলে তার প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য জোহান ও তার পরিবারের প্রতি শুভকামনা রইল।'

দক্ষিণ আফ্রিকা ও সাউথ অস্ট্রেলিয়ার সাবেক অফস্পিনার বোথা ২০২৩ সালের শেষ দিকে কুইন্সল্যান্ড ক্রিকেটের হাই-পারফরম্যান্স বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে দায়িত্ব নেন। সে সময় জো ডজ হাই পারফরম্যান্স ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে ডজের সময়টা ছিল বিতর্কিত। কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজার সঙ্গে প্রকাশ্য বিরোধের ঘটনাও ঘটে। চলতি বছরের শুরুতে ডজকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার স্থলাভিষিক্ত হন সাবেক দায়িত্বপ্রাপ্ত বেনেট কিং।

চলতি বছরে বোথা তৃতীয় বিবিএল কোচ এবং তৃতীয় রাজ্য দলের কোচ হিসেবে দায়িত্ব ছাড়লেন। এর আগে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের প্রধান কোচ গ্রেগ শিপার্ডকেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। তার স্থানে নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব পেয়েছেন ব্র্যাড হ্যাডিন এবং সিডনি সিক্সার্সের কোচ হয়েছেন জেমস হোপস।

অন্যদিকে, পাঁচ বছর দায়িত্ব পালনের পর সিডনি থান্ডারও ট্রেভর বেলিসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

এদিকে আট বছর দায়িত্ব পালনের পর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাডাম ভোজেস। তার অধীনে দলটি তিনটি শেফিল্ড শিল্ড ও চারটি ওয়ানডে শিরোপা জিতেছে। আগামী মৌসুম থেকে সহকারী কোচ বো ক্যাসন দায়িত্ব নেবেন। তবে ভোজেস পার্থ স্কর্চার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

অস্ট্রেলিয়ার দুই মেলবোর্নভিত্তিক বিবিএল দল মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডসের কোচিং কাঠামো নিয়েও এখনো অনিশ্চয়তা রয়েছে। ক্রিকেট ভিক্টোরিয়া সম্প্রতি দুটি ফ্র্যাঞ্চাইজিকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে এবং রেনেগেডস ফ্র্যাঞ্চাইজিটির লাইসেন্স বিক্রির পরিকল্পনা করছে। তবে নতুন বিনিয়োগকারী সময়মতো দায়িত্ব নিতে না পারলে রেনেগেডস বর্তমান কাঠামোতেই আরও একটি মৌসুম খেলতে পারে।