শেষ দিনে বৃষ্টি না হলে ৯০-৯৮ ওভার খেলা হবে বলে আশাবাদী বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। কত রানে পাকিস্তানকে টার্গেট দিতে চায় বাংলাদেশ তা নিয়ে খোলাসা না করলেও আশরাফুল জানিয়েছেন পাকিস্তানকে ৭০-৭৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ দিতে চায় টাইগাররা।
আশরাফুল বলেন, 'এখনও আমরা বসিনি কত রান করে আমরা ছাড়বো। কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাক এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমরা যদি যেকোনো ৭০-৭৫ ওভার বোলিং করতে পারি কালকে যদি কোন বৃষ্টি না হয় ৯০-৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমাদের জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।'
বৃষ্টির বাগড়ার কারণে চতুর্থ দিনে মোটে খেলা হয়েছে ৪৮.৪ ওভার। দ্বিতীয় সেশনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। শেষ বিকেলে আলোক স্বল্পতার কারণে খেলা হয়নি পূর্ণ ওভার। ফলে দুই দলের সামনেই এখন শেষ দিনের চ্যালেঞ্জ।
চতুর্থ দিনে বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা ৩ উইকেটে ১৫২ নিয়ে। বৃষ্টি শেষ দিতে আর ঝামেলায় ফেলবে না বলেই আশা আশরাফুলের। পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই বলেই মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ।
তিনি যোগ করেন, 'এখনও ৯৮ ওভার বাকি আছে কালকে যদি আবহাওয়া ভালো থাকে। তো আমরা আসলে যেভাবে টেস্ট ক্রিকেট খেলা উচিত আমি মনে করি এখনও এই উইকেটে আপনাদের ভালো ব্যাটিং করতে হবে। আপনি যদি সম্প্রতি চার-পাঁচ বছর টেস্ট ক্রিকেট দেখেন বিশ্বে, প্রথম ইনিংসে ৪০০-৫০০ করার পরেও কিন্তু তৃতীয় ইনিংস যদি ভালো ব্যাটিং না করেন ফলাফল নেতিবাচক ফলাফলটাই হয়।'
এদিকে দুই ইনিংসেই হতাশ করেছেন বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। দুই ইনিংসে জয় ৮ ও ৫। আর সাদমান ১৩ ও ১০ রান করেছেন। তবে আশরাফুল আশাবাদী তারা দ্রুতই ঘুরে দাঁড়াবেন। দুজনের ঢাল হয়ে আশরাফুল গত সিরিজের পারফরম্যান্সের উদাহরণ টেনেছেন।
তিনি বলেন, 'দুইটা ওপেনারই কিন্তু দুই ইনিংস আগেই কিন্তু তিন ইনিংসে প্রায় ১০০ রানের পার্টনারশিপ দিয়েছেন এবং একজনের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ১৭১ রানের ইনিংস। সাদমান দুইটা টেস্ট ম্যাচে দুইটা ৮০ করেছেন। তো সেই জায়গায় দুইটা ইনিংস ব্যর্থ হলেই যে পরিবর্তন করা উচিত হবে এটা আমি মনে করি না।'