সূর্যবংশীকে এখনই জাতীয় দলে চান শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট
রাজস্থানের জার্সিতে বৈভব সূর্যবংশী
রাজস্থানের জার্সিতে বৈভব সূর্যবংশী
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বৈভব সূর্যবংশীকে নিয়ে নিয়মিত আলোচনা চলছে। অনেকেই তাকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেয়ার পক্ষে নন। এবার এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। তার মতে আর দেরি না করে এখনই ভারতের হয়ে অভিষেক হওয়া উচিত সূর্যবংশীর।

মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী গত দুই বছরে সাদা বলের ক্রিকেটে ভয়ংকর ব্যাটার হিসেবে আবির্ভাব হয়েছেন। এরই মধ্যে আইপিএলে দুটি সেঞ্চুরি তুলে নিয়েছেন সূর্যবংশী। ভারতীয় এই ব্যাটার তার বয়সের দ্বিগুণ বা আড়াই গুণ ক্রিকেটারের বিপক্ষে যেভাবে সাবলীল খেলছেন তার প্রশংসা করেছেন শাস্ত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘অনেকে প্রশ্ন করবে, ওর বয়স ১৫, ১৬ নাকি ১৪? আমি এসব নিয়ে ভাবি না। আমি শুধু দেখি, এই মুহূর্তে সে যেভাবে ব্যাট করছে এবং নিজের চেয়ে দ্বিগুণ কিংবা আড়াই গুণ বেশি বয়সী খেলোয়াড়দের বিপক্ষেও যেভাবে খেলছে। এসব কিছুই ওকে বিচলিত করছে না।’

শাস্ত্রী মনে করেন কোনো নতুন ক্রিকেটারকে সুযোগ দেয়ার জন্য টি-টোয়েন্টি সবচেয়ে উপযুক্ত ফরম্যাট। এই ফরম্যাটেই সূর্যবংশী নিজেকে সবচেয়ে বেশি প্রমাণ করেছেন। তাই তাকে জাতীয় দলে দেখতে তর সইছে না ভারতের সাবেক এই ক্রিকেটারের।

শাস্ত্রী যোগ করেন, ‘আমার মনে হয়, সে খুব ভালোভাবেই বিবেচনায় আছে। এখন যখন আয়ারল্যান্ড সফর সামনে, যেখানে জুনে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আছে, তখন আমি অবশ্যই তাকে এখনই দলে নেওয়ার কথা ভাবতাম। আমি নিশ্চিতভাবেই এটা করতাম। কারণ আপনি যদি কোনো তরুণকে দ্রুত জাতীয় দলের পরিবেশে আনতে চান, তাহলে টি-টোয়েন্টিই সবচেয়ে উপযুক্ত ফরম্যাট।'

সূর্যবংশী টি-টোয়েন্টির জন্যই সবচেয়ে উপযোগী। এই ফরম্যাটে খেলার জন্য তার কোনো ঘাটটি নেই বলেও যোগ করেছেন ভারতের সাবেক কোচ। তিনি বলেন, 'আর এই ফরম্যাটে ওর কোনো ঘাটতি নেই। এই মুহূর্তে বিশ্বের অনেক দলেই সে সহজেই জায়গা করে নিতে পারে। তারুণ্যের যে উচ্ছ্বাস, সেটা তার মুখেই ফুটে ওঠে।’

সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন সূর্যবংশী। ওই সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেবে। এরপর মাসের শেষ দিকে ভারত যাবে আয়ারল্যান্ড সফরে, যেখানে দুটি টি-টোয়েন্টি খেলবে দলটি। তারপর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

আইপিএল ২০২৬ মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৪৪০ রান করেছেন সূর্যবংশী। তার গড় ৪০ এবং স্ট্রাইক রেট ২৩৬.৫৬। এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৭ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসও রয়েছে। এ মৌসুমে সর্বোচ্চ ৪০টি ছক্কাও এসেছে তাঁর ব্যাট থেকে। গত বছর গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আরো পড়ুন: