৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩ রান তোলেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া। দ্বিতীয় ওভারে শ্রীলঙ্কা অধিনায়ক আতাপাত্তুর বলে নিলাকশিকা সিলভার হাতে ক্যাচ দিয়ে আউট হন দিলারা। পাঁচ বলে ৯ রান করেন তিনি।
এরপর সোবহানাকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন জুরাইরিয়া৷ পঞ্চম ওভারে দলীয় ৪৩ রানে নিমাশা মিপাগের বলে হানসিনা করুণারত্নের হাতে ক্যাচ দিয়ে আউট হন জুয়াইরিয়া। ১১ বলে ১৫ রান করেন এই ব্যাটার। এক ওভার পর সোবহানাও ফিরে যান। ১৫ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে মিথালি অযোধ্যার শিকার হন সোবহানা।
এরপর অধিনায়ক জ্যোতি মিডল অর্ডারের বাকি ব্যাটারদের সাথে নিয়ে ছোট ছোট জুটি গড়ে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন দলকে। নিয়মিত উইকেট হারালেও শেষ ওভারে পাঁচ উইকেট হাতে নিয়ে ১৪ রানের সমীকরণে পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই জ্যোতি ১৩ রানে ফিরে গেলে ফিকে হয়ে যায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা।
কিন্তু তৃতীয় বলে বাউন্ডারি মেরে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আবারো জাগিয়ে তোলেন সুলতানা। দুই বলে ছয় রানের জয়ের সমীকরণ তখন বাংলাদেশের সামনে। কিন্তু দুই বলে শারমিন কিংবা সুলতানাদের কেউ ঠিকভাবে ব্যাটে বলে করতে না পারায় দুই রান করেই সন্তুষ্ট থাকতে বাংলাদেশকে। ৯ ওভারে ৮৪ রানে থেমে তিন রানে ম্যাচ হারে টাইগ্রেসরা।
এর আগে বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আতাপাত্তু ও ইমেশা দুলানি। পাওয়ার প্লের তিন ওভারেই বিনা উইকেটে ৪০ রানে পৌঁছে যায় লন্কানরা।
চতুর্থ ওভারে ইমেশাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সুলতানা খাতুন। ১০ বলে চারটি চারে ১৯ রান করেন ইমেশা। পরের ওভারে এই সিরিজে লন্কানদের সেরা ব্যাটার হার্শিতা সামারাবিক্রমাকে ফেরান সানজিদা। রিতু মনির তালুবন্দী হয়ে তিন রানে ফিরে যান হার্শিতা।
একপ্রান্তে লন্কান অধিনায়ক আতাপাত্তু ঝড় চালালেও অন্যপ্রান্তে আসা যাওয়ার মিছিলে ছিলেন বাকি ব্যাটাররা। সুলতানার বোলিং তোপে দ্রুতই আরো দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক আতাপাত্তুকে সাথে ১৮ বলে ৩৩ রানের জুটি গড়েন কাভিশা দিলারি। সাত বলে এক ছক্কা ও দুই চারে ১৫ রান করেন কাভিশা।
অন্যদিকে ওপেনার আতাপাত্তু ইনিংসের শেষ বলে রান আউট হবার আগে ২৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় করেন ৪১ রান। নির্ধারিত ৯ ওভারে ছয় উইকেটে ৮৭ রানে শেষ হয়ে শ্রীলঙ্কার ইনিংস। বাংলাদেশের হয়ে সুলতানা দুই ওভারে মাত্র আট রান দিয়ে শিকার করেন তিন উইকেট। বাকি একটি উইকেট নেন সানজিদা।