পিএসএলের গত আসরে পেশোয়ারের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মেলেনি নাহিদের। তবুও এ বছর নিলাম থেকে ৬০ লাখ রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। চলতি মৌসুমে অবশ্য পিএসএলে অভিষেক হয়েছে বাংলাদেশের তারকা পেসারের। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন তিনি। অভিষেক রাঙাতে না পারলেও পরবর্তীতে গতিময় বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন তিনি।
পেশোয়ারের হয়ে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন নাহিদ। যেখানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৪২। করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় নিয়েছিলেন তিনটি উইকেট। এমন পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হয় তাকে। কিউইদের বিপক্ষে তিন ওয়ানডেতে ৮ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা।
ধারণা করা হচ্ছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই পাকিস্তানে ফিরে যাবেন নাহিদ। তবে পাকিস্তান সিরিজের ভাবনায় তাকে এনওসি দেয়নি বিসিবি। তবে নিজেদের চেষ্টার কমতি রাখেনি পেশোয়ার। কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছেন বাবর আজমরা। আগামী ৩ মে ফাইনাল খেলবে তারা।
যেখানে তাদের প্রতিপক্ষ মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান ও ইসলামাবাদের মধ্যে যেকোন একটি দল। ফাইনাল ম্যাচে খেলানোর জন্য নাহিদের এনওসি চেয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করে পেশোয়ার। জাভেদ আফ্রিদির অনুরোধ ফেলতে পারেনি বিসিবি। ফাইনাল খেলার জন্য নাহিদকে এনওসি দেওয়ায় তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন পেশোয়ারের কর্ণধার।
এ প্রসঙ্গে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে নিজের জাভেদ আফ্রিদি লিখেছেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পিএসএলে ফেরার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে লাহোর কালান্দার্সের হয়ে বাকি অংশ খেলার জন্য তাকে অনুমতি দেয়নি বিসিবি। আগামী ২০ মে পর্যন্ত পুনর্বাসনে থাকবেন বাঁহাতি এই পেসার। লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।