বিসিএলে ইস্ট জোনের হয়ে ১৬২ রানের ইনিংস খেলে পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অমিত। কয়েক বছর ধরে নিয়মিতই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছিলেন তিনি। এনসিএলের ২০২৪-২৫ মৌসুমে সিলেট বিভাগের হয়ে ৭ ম্যাচে ৭৮.৫০ গড়ে ৭৭৫ রান করেছিলেন। ৫ হাফ সেঞ্চুরির সঙ্গে দুইটি সেঞ্চুরিও করেছিলেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া এখনো পর্যন্ত ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অমিত।
৮২ ইনিংসে ৪৯.৩২ গড়ে ১১ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৬৫০ রান করেছেন তিনি। অমিতের পাশাপাশি টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিমও। টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে নিয়মিত পারফর্ম করার পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। ২৫ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ৪০.৭২ গড়ে ১ হাজার ৭৯২ রান করেছেন তানজিদ। পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ছয়টি হাফ সেঞ্চুরিও আছে তার।
বিসিএলের প্রথম রাউন্ড খেলার সময় চোটে পড়েছেন জাকের আলী অনিক। ইস্ট জোনের হয়ে কিপিং করার সময় মাথায় আঘাত পাওয়ায় তার কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন অমিত। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রাখা হয়নি জাকেরকে। টপ অর্ডারে ব্যাক আপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে তানজিদকে। বড় পরিবর্তন এসেছে বোলিংয়ে।
পাকিস্তান দলে বাঁহাতি ব্যাটার বেশি হওয়ায় বাদ পড়েছেন হাসান মুরাদ। বাঁহাতি স্পিনারের জায়গায় সুযোগ পেয়েছেন অফ স্পিরার নাঈম হাসান। কদিন আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ২০২৫ সালের জুনে বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন নাঈম। পেস বোলিংয়ে রাখা হয়নি হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে।
তাদের দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। টেস্ট খেলানোর জন্য নাহিদ রানা ও তাসকিনকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৮ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। পরের ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, ১৬ মে থেকে। এর আগে ৩ মে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের টেস্ট দল— নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান।