টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে নামতে চলা টি-টোয়েন্টি দলটিও বেশ অনভিজ্ঞ। দলটির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার দলটির স্পিনার ইস সোধি। তিনি একাই খেলেছেন ১৪০ ম্যাচ। দলের বাকি সবার মোট ম্যাচের অভিজ্ঞতা ১৩৬ ম্যাচের। অভিষেকের অপেক্ষায় আছেন ৪ ক্রিকেটার।
এমন দল নিয়েই সিরিজ জিততে চান নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তিনি অবশ্য অনভিজ্ঞতার ঘাটতির কথা মানতে নারাজ। তিনি বলেন, ‘আমাদের কারও কারও অনভিজ্ঞতা আছে (আন্তর্জাতিক ক্রিকেটে), কিন্তু তারা ঘরোয়া ক্রিকেটে খেলছে। কয়েকজন আছে, যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ায় দুনিয়াজুড়ে; যেখানে ভালো প্রতিপক্ষ থাকে আর আন্তর্জাতিক ক্রিকেটারও।’
কারো নাম না বললেও লাথাম জানিয়েছেন তার দলে ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার আছেন, ‘কারও নাম আলাদা করে বলতে চাই না। কিন্তু আমি যেমনটা বলেছি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, এমন অনেকে আছে। এই ধরনের কন্ডিশনেও তারা আগে খেলেছে, তাদের জানাশোনা আছে।’
ক্রিকেটকে ধরা হয় সবচেয়ে অনিশ্চয়তার খেলা। সেই দিক থেকে টি-টোয়েন্টি আরও বেশি নাটকীয়তার। বিশেষ করে এক দুই বলের মধ্যেই ম্যাচের মোড় ঘুরে যায়। এই বিষয়টিও মাথায় আছে লাথামের। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে চান তিনি।
এই ব্যাপারে লাথাম বলেন, ‘একজনের একটা দারুণ দিন কাটানোটাই যথেষ্ট (টি–টুয়েন্টিতে)। কয়েক ওভারের মধ্যেই খেলাটা ঘুরে যেতে পারে। যত লম্বা সংস্করণের খেলা হয়, তত বেশি সময় লাগে খেলা ঘুরতে। কিন্তু টি–টুয়েন্টিতে হয়তো এক ওভার, এমনকি কয়েকটা বলেও তা হতে পারে। ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে সবকিছু।’