বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলে বোনাস পাবেন না মেন্ডিসরা, হারলে জরিমানা

শ্রীলঙ্কা ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিরিজ জিতলেই বোনাস পেতেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা— হোক সেটা ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্টে। তবে সেই নিয়মে খানিকটা পরিবর্তন আনতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন নিয়মে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চারে থাকা দলের সঙ্গে সিরিজ জিতলেই কেবল বোনাস পাবেন কুশল মেন্ডিস-মাথিশা পাথিরানারা। সেরা চারের বাইরে থাকা দলের বিপক্ষে সিরিজ জিতলেও বোনাস পাবেন না তারা। উল্টো বাংলাদেশ কিংবা আফগানিস্তানের মতো র‌্যাঙ্কিংয়ের নিচের সারির দলের বিপক্ষে সিরিজ হারার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে তাদের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।

সাম্প্রতিক সময়ে দল হিসেবে একেবারেই ভালো করতে পারছে না শ্রীলঙ্কা। গত কয়েকটি আইসিসি টুর্নামেন্টেও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেনি তারা। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপেও বলার মতো কিছু করতে পারেনি লঙ্কানরা। বরং জিম্বাবুয়ের মতো দলের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছে।

এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের বোনাস কাঠামোতে পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। পুরনো নিয়ম অনুযায়ী, আইসিসির র‌্যাঙ্কিংয়ের এক থেকে নয় নম্বর পর্যন্ত দলের বিপক্ষে সিরিজ জিতলে নির্দিষ্ট সংখ্যক বোনাস পেতেন ক্রিকেটাররা। সেই কাঠামোতে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শীর্ষ চারে থাকা দলের সঙ্গে জিততে পারলেই কেবল বোনাস পাবেন ক্রিকেটাররা।

বর্তমানে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা চারে আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলে ১ লাখ ৫০ হাজার ডলার বোনাস পাবেন মেন্ডিস-ধনঞ্জয়া ডি সিলভারা। এ ছাড়া সাউথ আফ্রিকাকে হারালে ১ লাখ ৫ হাজার ডলার, তিনে থাকা ইংল্যান্ডকে হারালে ৭৫ হাজার ডলার ও ভারতকে সিরিজ হারাতে পারলে ৬০ হাজার ডলার বোনাস পাবেন ক্রিকেটাররা।

দেশের মাটিতে সিরিজ জিতলে যথাক্রমে ১ লাখ ডলার, ৭৫ হাজার ডলার, ৫০ হাজার ডলার ও ২৫ হাজার ডলার পাবেন। ওয়ানডেতে সেরা চারে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তাদের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জিতলে এক থেকে চার যথাক্রমে ১ লাখ ৫০ হাজার ডলার, ১ লাখ ডলার, ৮০ হাজার ডলার ও ৭ হাজার ডলার। দেশের মাটিতে সেটা প্রায় অর্ধেক।

টি-টোয়েন্টিতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড শীর্ষ চারে আছে। দেশের বাইরে সিরিজ জিতলে যথাক্রমে ৭৫ হাজার ডলার, ৫০ হাজার ডলার, ৪০ হাজার ডলার ও ৩৫ হাজার ডলার পাবেন। দেশের মাটিতেও একই সমান বোনাস পাবেন। তিন ফরম্যাটেই সেরা দলগুলোর সঙ্গে হারলে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হবে। এদিকে সেরা চারের বাইরে থাকা দলগুলোর সঙ্গে হারলে বোনাস পাবেন না।

উল্টো পাঁচ থেকে পরবর্তী দলগুলোর সঙ্গে হারলে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। সেই তালিকায় আছে বাংলাদেশ। আইসিসির র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নয় নম্বরে অবস্থান করছে। আফগানিস্তানও নিচের দিকেই আছে। যার ফলে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলে জরিমানা গুনতে হবে মেন্ডিস-পাথিরানাদের। আগামী সপ্তাহে ক্রিকেটারদের কাছে নতুন নিয়মটি প্রস্তাব করা হতে পারে।

আরো পড়ুন: