বিশ্বকাপ না খেলার ধাক্কা সামলে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
অনুশীলনে লিটন দাস, বিসিবি
অনুশীলনে লিটন দাস, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ ছিল ভারতেই। তবে উগ্রবাদীদের হুমকির মুখে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, আইসিসিও বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়।

এরপর বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের ছিল নাকি অন্তর্বর্তীকালীন সরকারের তা নিয়ে নানা নাটক মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপের সময় একাধিক ঘরোয়া টুর্নামেন্ট খেলেছে। তবে বিশ্বকাপের না খেলার ক্ষত কী আসলেই ভুলতে পেরেছেন লিটন দাসরা?

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এমন প্রশ্নই করা হয়েছিল লিটনকে। তিনি জানিয়েছেন তারা 'মুভ অন করেছেন'। লিটন বলেছেন, ‘হ্যাঁ, আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’

লিটনকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। এই অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যেভাবে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলেন তারা। সেভাবেই ২০২৮ বিশ্বকাপের প্রস্তুতি নেবেন তারা। বিশেষ করে বিশ্বকাপটি উপমহাদেশের বাইরে। তাই আগে থেকেই মানসিক প্রস্তুতি নেবেন তারা।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপ নিয়ে লিটন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।’

২০২৮ পর্যন্ত অধিনায়কত্ব পাওয়া নিয়ে লিটন বলেন, 'সত্যি কথা বলতে খুব একটা কথোপকথন হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে আমাকে তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানকার জন্য। তো আমি আমার কাজ করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ এর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেহেতু এখনো যথেষ্ট সময় আছে, প্রস্তুতি ওভাবেই থাকবে।'

আরো পড়ুন: