প্রথম শ্রেণির ক্রিকেটে পুরুষ ক্রিকেটারদের আগে ম্যাচ ফি ছিল ৭০ হাজার টাকা। তবে এখন থেকে বিসিএল ও এনসিএল খেলা ক্রিকেটাররা পাবেন ১ লাখ টাকা করে। ম্যাচ ফি বাড়ানো হয়েছে মেয়েদের ঘরোয়া ক্রিকেটেও। টি-টোয়েন্টিতে ১০ হাজার, একদিনের ম্যাচের জন্য ১৫ হাজার এবং লঙ্গার ভার্সনের জন্য ২০ হাজার টাকা ম্যাচ ফি পাবেন নিগার সুলতানা জ্যোতি-সোবহানা মোস্তারিরা।
বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে ঘরোয়া ক্রিকেটে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের মাসিক বেতন বাড়ানো হয়েছে। ৩০ হাজারের পরিবর্তে এখন থেকে ৪০ হাজার টাকা বেতন পাবেন ৩৫ ক্রিকেটার। ছেলেদের ক্রিকেটে ঘরোয়া চুক্তিতে থাকা ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৩৫ হাজারের পরিবর্তে ৬৫ হাজার টাকা পাবেন। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজারের জায়গায় ৫০ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে পাবেন ৪০ হাজার টাকা। এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন হয়েছেন ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘দেখুন —এটা (স্যালারি ও ম্যাচ ফি বাড়ানো) আমাদের অনেক বছরের চাওয়া ছিল। কারণ এর আগে যে স্যালারি বা ম্যাচ ফি দেওয়া হতো যুগের সাথে চিন্তা করলে সেটা খুবই কম। এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি কিন্তু কখনো সঠিক রেজাল্ট পাইনি। কিন্তু উনি (তামিম) আসার সাথে সাথে যে কাজটা করেছেন, যেটা খেলোয়াড়রা প্রত্যাশা করছিল। খেলোয়াড়দের মনের মধ্যে যেটা ছিল সেটা পূরণ হয়েছে। প্রত্যেকটা খেলোয়াড়ই বিষয়টার অনেক প্রশংসা করেছেন এবং তারা সবাই খুব খুশি।’
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল। প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বিপিএলের ম্যাচ বর্জন করেছিলেন মিঠুন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। ঘরোয়া ক্রিকেট চালু করতে না পারায় ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের একটা দূরত্বও তৈরি হয়। মিঠুনের চাওয়া বোর্ড যেন ক্রিকেটারদের প্রথম অগ্রাধিকার দেয়। কোয়াবের সভাপতির বিশ্বাস, তামিম তাদের পাশে থাকবেন।
মিঠুন বলেন, ‘একজন খেলোয়াড় ও খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে আমি সবসময় চাইব খেলোয়াড়দের যেন সাপোর্ট করা হয়, খেলোয়াড়বান্ধব বোর্ড হয়, ক্রিকেটারদের কথা যেন চিন্তা করা হয়, ক্রিকেটারদের যেন প্রথম অগ্রাধিকার হিসেবে রাখা হয়। আগে সবাই বলতো প্রথম স্টেকহোল্ডার ক্রিকেটাররা কিন্তু কাজের সঙ্গে মিল ছিল না। অবশ্যই, তামিম ভাই যেভাবে কাজ শুরু করেছে, প্রথমেই খেলোয়াড়দের যেভাবে সাপোর্ট দিচ্ছে তো আমি আশা করব এটা অব্যাহত থাকবে এবং উনি সবসময় খেলোয়াড়দের পাশে থাকবেন।’