করাচি কিংসের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাসিম। সেই চোটে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। পরবর্তীতে মেডিকেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আপাতত পিএসএলে খেলতে পারবেন না ডানহাতি এই পেসার। চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন নাসিম।
এমন অবস্থায় পাকিস্তান পেসারের বদলি নিয়েছে পিন্ডিজ। অলরাউন্ডার মুবাসির ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। পিএসএলের সপ্তম ও অষ্টম আসরের পর পাকিস্তানের জনপ্রিয় লিগে খেলেননি তিনি। ইসলামাবাদের হয়ে খেলা মুবাসির ১৪ ম্যাচে ৪৯ রান করার পাশাপাশি দুইটি উইকেটও নিয়েছেন।
নাসিম আপাতত পুনর্বাসনেই থাকবেন। ধারণা করা হচ্ছে, চোট থেকে সেরে উঠতে পারলে এবং দলের প্রয়োজন হলে টুর্নামেন্টের শেষ দিকে ফিরতে পারেন। নাসিম ও জামান খান চোটে পড়ায় কদিন আগেই নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্সকে দলে নিয়েছে পিন্ডিজ। ২ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপিতে তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
পিএসএলে প্রথমবার খেলতে এসে একেবারেই সুবিধা করতে পারছে না পিন্ডিজ। এখনো পর্যন্ত চার ম্যাচের সবকটিতে হেরেছে তারা। মোহাম্মদ রিজওয়ানের দলের পরবর্তী ম্যাচ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে, ১০ এপ্রিল। পিন্ডিজের হয়ে খেলছেন বাংলাদেশের রিশাদ হোসেন। তবে বল হাতে এখনো আলো ছড়াতে পারেননি তিনি।