এফডিআর ভেঙে খরচ চালানোর খবর ভিত্তিহীন, দাবি বিসিবির

বাংলাদেশ ক্রিকেট
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও সভাপতি আমিনুল ইসলাম
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও সভাপতি আমিনুল ইসলাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিসিবি তাদের দৈনন্দিন পরিচালন ব্যয় মেটাতে ফিক্সড ডিপোজিট বা এফডিআর ভাঙছে বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এবং বিভিন্ন মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।

যদিও শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের খবরকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে বোর্ড তাদের ব্যয় নির্বাহ করতে এফডিআর থেকে অর্থ ব্যবহার করছে। বিসিবি নিশ্চিত করেছে এমন দাবি সঠিক নয়।

বিসিবি শুক্রবার বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘সম্প্রতি একটি খবর প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের এফডিআর থেকে টাকা তুলছে । বিসিবির নজরে বিষয়টি এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের খবর বিসিবির বর্তমান আর্থিক অবস্থা বা তাদের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।’

তারা আরও যোগ করে, ‘বিসিবি তাদের যাবতীয় আর্থিক কর্মকাণ্ড ও খরচ বোর্ডের নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করে আসছে। বোর্ডের নিয়মিত আয়ের উৎস যেমন—বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ইভেন্ট এবং অন্যান্য বৈধ খাত থেকে আসা রাজস্ব দিয়েই সব ব্যয় মেটানো হয়। বিসিবি তার বর্তমান সম্পদ দিয়েই যেকোনো আর্থিক প্রতিশ্রুতি পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য রাখে।’

আরো পড়ুন: