রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। কমিটির সুপারিশগুলো এখনো পর্যালোচনা করছে বিসিবি। প্রতিবেদনের আলোকে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। এই ঘটনাটি সামনে আসার পর থেকেই দেশের ক্রিকেটে চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
এর আগে অস্ট্রেলিয়াপ্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর বিষয়টির তদন্তে নামে বিসিবি। তাদের পক্ষ থেকে জাহানারাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে আহ্বান জানানো হয়।
এরপর নির্ধারিত সময়ের মধ্যে নিজের অভিযোগ জানান জাহানারা। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। কমিটি জাহানারার করা চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পেয়েছে।
তদন্ত কমিটির করা সুপারিশের প্রেক্ষিতেই মঞ্জুরুলকে কঠিন শাস্তি দিচ্ছে বিসিবি। অবশ্য প্রায় এক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত নেই মঞ্জুরুল। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) হয়ে কাজ করছেন। এদিকে জাহানারার অভিযোগের তীর ছিল বিসিবির নারী উইংয়ের প্রয়াত ইনচার্জ তৌহিত মাহমুদের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কিছু জানায়নি বিসিবি।