মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের তিনে তিন

এশিয়া কাপ রাইজিং স্টার্স
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ ‘এ’ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডে চলমান এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের আধিপত্য দেখিয়েছে ফাহিমা খাতুনের দল। সর্বশেষ ম্যাচে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা।

ব্যাংককে টসে জিতে আগে ব্যাট করে সাত উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ ‘এ’। জবাবে মালয়েশিয়ার জাতীয় দল ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে করতে পারে মাত্র ৬১ রান। ফলে ৯০ রানের জয় পায় বাংলাদেশ।

এর আগে শ্রীলঙ্কা ‘এ’ দলকে চার রানে এবং থাইল্যান্ডকে ১ বল হাতে রেখে তিন উইকেটে হারিয়েছিল তারা। বাংলাদেশের ইনিংসে পাঁচ নম্বরে নেমে ৪৪ বলে ৪৮ রান করেন লতা মণ্ডল। শারমীন সুলতানা করেন ৩০, আর ফাহিমার ব্যাট থেকে আসে ২৯ রান।

লতা ও ফাহিমা মিলে পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি গড়েন। শেষ পাঁচ ওভারে ৫৪ রান তুলে বড় সংগ্রহের ভিত গড়ে দলটি। বল হাতে মালয়েশিয়াকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। ১২.১ ওভারে সাত উইকেটে ৩০ রানে ধুঁকছিল তারা।

একমাত্র নুর আরিয়ানা নাতসিয়া ২৪ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান অভিষেক ম্যাচে ১০ রানে তিন উইকেট নেন। শরীফা খাতুন পান ১৩ রানে দুই উইকেট। লতা দুই ওভারে দুই রানে এক উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’। আগামী শুক্রবার ব্যাংককে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল। অন্য সেমিফাইনালে ভারত ‘এ’ দলের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ‘এ’ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দল।