আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। যদিও ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি।
জাপানের নাগোয়া শহরে সেপ্টেম্বর মাস বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময়। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা।
সেটাও যদি সম্ভব না হয় তাহলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কি অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল।
এশিয়ান গেমসে প্রথম দুইবার অংশ নিয়ে পাকিস্তানের কাছে হেরে রৌপ্য জেতেন বাংলাদেশের মেয়েরা। গত আসরে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ জেতে ব্রোঞ্জ। যেখানে ভারত সোনা এবং শ্রীলঙ্কা রৌপ্য জেতে। গতবারের মতো এবারও একটি পদক নিয়ে ফিরতে চান সোবহানা মোস্তারি।
বিসিবির প্রকাশিত ভিডিওতে ডানহাতি ব্যাটার বলেন, ‘আজকে আমরা জাপানে এশিয়ান গেমসের প্রথম অনুশীলন করলাম। কালকে আমাদের চীনের সাথে ম্যাচ, আমরা প্রথম ম্যাচে নামব। আশা করছি এবারও আমরা একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব। এর আগে আমরা একটা পদক পেয়েছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’