এশিয়ান গেমসের ফাইনালে চোখ জ্যোতির

এশিয়ান গেমস
নিগার সুলতানা জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ নারী দলের। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর এবং ২০২৭ সালের মাঝামাঝি ইংল্যান্ড সফরের মতো কঠিন চ্যালেঞ্জ সামনে থাকলেও সেগুলোকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে আপাতত দলের মূল লক্ষ্য জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস।

এ বছরের শেষ দিকে সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এরপর ২০২৭ সালের মাঝামাঝি ইংল্যান্ড সফরে গিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপদের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বের অন্যতম শক্তিশালী তিনটি দলের বিপক্ষে খেলার সুযোগকে বড় অর্জন হিসেবেই দেখছেন জ্যোতি।

তিনি বলেন, ‘এটি আমাদের দলের জন্য খুব বড় একটি সুযোগ। আমরা সব সময়ই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো দেশে খেলতে চেয়েছি। কারণ সেখানে খেললে দক্ষতা অনেক বেশি উন্নত হয়। সম্প্রতি আমরা ইংল্যান্ডে খেলেছি এবং ভালোও করেছি। সেটির ইতিবাচক প্রভাব অবশ্যই আছে।’

কদিন আগেই ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেই আসরে বাংলাদেশ পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে গ্রুপে চতুর্থ হয়েছিল। এদিকে এশিয়ান গেমসেও ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আট দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে চীনের বিপক্ষে। এরপর শেষ চারে উঠতে পারলে হারমানপ্রীত কৌরের ভারতের বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। তবে টানা বৃষ্টির কারণে প্রস্তুতিতে কিছুটা বাধার কথা জানিয়েছেন জ্যোতি। তবু সেরাটা দিয়েই প্রস্তুতি সম্পন্ন করতে চায় দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার লক্ষ্য ঠিক করেছেন জ্যোতি। তিনি আশাবাদী এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে।

তিনি বলেন, ‘আমরা এমনভাবে প্রস্তুতি নিতে চাই, যাতে গত বছরের তুলনায় এই টুর্নামেন্টে আরও ভালো করতে পারি। বাংলাদেশের প্রায় সব ভেন্যুতেই এখন বৃষ্টির প্রভাব রয়েছে। তারপরও সেখানে যাওয়ার আগে যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে ফাইনালে খেলা।’

আরো পড়ুন: