দেশ ছাড়ার আগে এই অলরাউন্ডার জানিয়েছেন সুযোগ পেলে অলরাউন্ডারের ভূমিকাতেই নিজেকে প্রমাণ করতে চান তিনি। এ ছাড়া এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন তিনি। এইচপিকে জাতীয় দলে ফেরার পথ হিসেবে বিবেচনা করছেন তিনি।
বিপ্লব গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'আমি আগেও এর আগে অনেক বলেছি যে আমি নিজেকে ভালো একজন অলরাউন্ডার হিসেবে প্রস্তুত করতে চাই। এবং আমি এটা নিয়েই এতদিন নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, যদি সুযোগ আসে আমি দুই দিক দিয়েই সেরাটা দেয়ার চেষ্টা করব।'
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেছেন বিপ্লব। বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে ১১ ম্যাচে ব্যাট হাতে ২৪৬ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৮ উইকেট। এর মধ্যে ছিল একটি পাঁচ উইকেট ও দুটি চার উইকেটের বোলিং পরিসংখ্যান। আর তাতেই নির্বাচকদের নজর কাড়তে পেরেছেন তিনি।
জাতীয় দল কিংবা এইচপি সব জায়গাতেই এক সময় ব্রাত্য ছিলেন এই অলরাউন্ডার। সেই সময়টা খুব কঠিন ছিল বলে জানিয়েছেন বিপ্লব। সেই সময় নিজেকে প্রস্তুত করেছেন, পাশাপাশি নিজেকে ভালো প্রক্রিয়ার মধ্যে রেখেছেন ফেরার জন্য। শেষ পর্যন্ত সেই সুযোগ আসায় আপ্লূত তিনি।
বিপ্লব যোগ করেন, 'বাইরে থাকা সবসময়ই কষ্টের, এটা আসলে আনন্দের কোনো বিষয় না। দলের বাইরে ছিলাম অনেকদিন, এটা অনেক কঠিন একটা সময় ছিল। কিন্তু সবসময় নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করেছি। ভালো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করেছি।'