রাওয়ালপিন্ডিতে রবিবার সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারায় পাকিস্তান। তবে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় দুই দলকেই জরিমানার মুখে পড়তে হয়েছে।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি'র ১০ শতাংশ এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময় বিবেচনায় নেয়ার পর পাকিস্তান লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার এবং শ্রীলঙ্কা এক ওভার কম বল করেছে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়ম অনুসারেই দুই দলের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
ম্যাচ রেফারি জেফ ক্রো'র প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ত্রিদেশীয় সিরিজে আগামী ২০ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ২২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।