আগারকারের বদলি ও নতুন প্রধান নির্বাচকের নাম ঘোষণা করল বিসিসিআই

ভারত ক্রিকেট
বিসিসিআইয়ের নতুন প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা (সবার ডানে), ফাইল ফটো
বিসিসিআইয়ের নতুন প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা (সবার ডানে), ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অজিত আগারকারের জায়গায় নতুন নির্বাচক পেল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের পশ্চিমাঞ্চল থেকে জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক স্পিন বোলিং অলরাউন্ডার রমেশ পাওয়ার। সোমবার তার নাম ঘোষণা করেছে বিসিসিআই।

পাওয়ারের নিয়োগের ফলে নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞান ওঝার দায়িত্ব পাওয়ার পথও পরিষ্কার হয়েছে। আগারকারের মেয়াদ শেষ হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওঝা। এবার তাকেই নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই।

অশোক মালহোত্রা ও যতীন পরাপঞ্জেদের নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটির সুপারিশে পাওয়ারকে নির্বাচক হিসেবে বেছে নেয়া হয়েছে। আবেদনকারীদের সাক্ষাৎকার নেয়ার পর ক্রিকেটীয় অভিজ্ঞতা ও সাক্ষাৎকারের ফলাফলের ভিত্তিতে তার নাম চূড়ান্ত করে কমিটি।

ভারতের হয়ে দুটি টেস্ট ও ৩১টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাওয়ার। কোচ হিসেবেও রয়েছে তার অভিজ্ঞতা। ভারতের নারী ক্রিকেট দল ছাড়াও মুম্বাই ও গুজরাটের রঞ্জি দলের কোচ ছিলেন তিনি। এ ছাড়া বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন সাবেক এই অলরাউন্ডার।

নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান ওঝা ছাড়াও বর্তমানে দায়িত্বে রয়েছেন আরপি সিং, অজয় রাতরা ও শিবসুন্দর দাস। জাতীয় নির্বাচকদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার অভিজ্ঞতার ভিত্তিতে চেয়ারম্যান হিসেবে ওঝাকে বেছে নেওয়া হয়েছে।

এদিকে আগারকারের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই। তার মেয়াদে ভারত দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুবার এশিয়া কাপ জিতেছে। এ ছাড়া একবার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে ভারতীয় দল।

আরো পড়ুন: