ফলে ভারতের জার্সিতে জাদেজার ওয়ানডে ক্রিকেটের অধ্যায় শেষ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। যদিও জাদেজাকে বাদ দেয়ার বিষয়টি সরাসরি স্বীকার করেননি ভারতের অধিনায়ক শুভমান গিল।
তৃতীয় ম্যাচে তাকে বাইরে রাখার ব্যাখ্যায় গিল বলেন, 'আমার মনে হয় না জাড্ডু (জাদেজা) ভাইকে বাদ দেয়া হয়েছে। অন্যদের সুযোগ দিতে তৃতীয় ম্যাচে তাকে বাইরে বসানো হয়েছে। তার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাইরে রাখা সত্যিই খুব কঠিন।'
যদিও জাদেজার সাম্প্রতিক পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে নিয়েছেন মাত্র দুই উইকেট, ব্যাট করার সুযোগও পাননি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৩২টি ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ১৫টি, উইকেট পেয়েছেন ১৪টি। মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট নিতে না পারাও তার বাদ পড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আট ম্যাচে জাদেজার শিকার মাত্র পাঁচ উইকেট। এই সময়ে ওভারপ্রতি ছয়ের বেশি রান দিয়েছেন তিনি। ব্যাট হাতেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। গত ছয় বছরে এক দিনের ক্রিকেটে কোনো ফিফটি নেই তার। ২০২৩ সালের পর ১০ ইনিংসে করেছেন মাত্র ১৪৯ রান।
জাদেজার বিকল্প হিসেবে এখন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি আলোচনায় রয়েছেন হার্শ দুবে ও শাহবাজ আহমেদ। সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-কে বোর্ডের এক কর্মকর্তা বলেন, '২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য জাদেজার কথা ভাবা হচ্ছে না। অক্ষর ও ওয়াশিংটন সকলের আগে। পাশাপাশি হার্শ ও শাহবাজ়ও আলোচনায় রয়েছে। ওরা এখন এক্সিলেন্স সেন্টারে রয়েছে।'
সেই কর্মকর্তা আরও বলেন, 'বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার হিসেবে সকলের থেকে এগিয়ে অক্ষর। জাদেজার থেকেও। অক্ষরের উইকেট নেয়ার ক্ষমতা এই ফরম্যাটে অনেক বেশি। পাশাপাশি চার থেকে আট নম্বরে, যে কোনও জায়গায় তাকে নামানো যায়। ফিল্ডার হিসেবেও অক্ষর খুব ভালো।'