তবে সেই গুঞ্জনে নিজেই পানি ঢেলে দিয়েছেন শোয়েব। বর্তমানে যুক্তরাষ্ট্রের হিউস্টনে থাকা সাবেক এই পেসার জানিয়েছেন, পিসিবির সঙ্গে তার কোনো বৈঠক হয়নি, এমন কোনো প্রস্তাবও তিনি পাননি। শুধু তা-ই নয়, বোর্ডের কোনো পদ নেওয়ার ব্যাপারেই তার আগ্রহ নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
পিটিভির একটি ক্রীড়া অনুষ্ঠানে শোয়েব বলেন, 'আমি এখন হিউস্টনে আছি। এসব খবরের কোনো সত্যতা নেই, আমার কোনো বৈঠকও হয়নি। আমি মোটেও আগ্রহী নই। আমি আমার বক্তব্যের ওপরই আছি।'
প্রধান নির্বাচকের দায়িত্বের পাশাপাশি তাঁকে বড় কোনো পদ দেওয়া এবং এর জন্য অর্থ চাওয়ার কথাও ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই দাবিও সরাসরি নাকচ করে শোয়েব বলেন, 'আমি শুনছি, আমি নাকি বড় একটি পদ নিতে যাচ্ছি এবং এর জন্য টাকা চেয়েছি। এসবই ভুয়া।'
পাকিস্তান ক্রিকেটের উন্নতি চান, তবে সেই কাজের সঙ্গে পিসিবির কোনো পদে থেকে যুক্ত হওয়ার ইচ্ছা নেই এ কথাও পরিষ্কার করেছেন শোয়েব। তার ভাষায়, 'আমি চাই পাকিস্তান ক্রিকেট উন্নতি করুক। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যা-ই আসছে, তার কোনোটাই সত্য নয়।'
পিসিবিতে কাজ না করার অবস্থান অবশ্য শোয়েবের জন্য নতুন নয়। এর আগেও টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার প্রয়াত মা তাঁকে পাকিস্তানের রাজনীতি ও পিসিবি দুই জায়গা থেকেই দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শের কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, বোর্ডের সঙ্গে কাজ করার পরিকল্পনা তার নেই।