ঘরোয়া লাল বলের ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন পান্ত। হতাশ হলেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার। তার মতে, উত্থান-পতন খেলোয়াড়জীবনেরই অংশ। দলে ফেরার জন্য নিজের ওপর আস্থা রেখে কঠোর পরিশ্রম করছেন তিনি।
পান্ত বলেন, 'দলে জায়গা না পেলে খারাপ তো লাগেই। একজন খেলোয়াড়কে মানসিকভাবে তৈরি থাকতে হয়। হতাশা যেমন থাকবে, ফিরে আসার রাস্তাও থাকবে। খেলোয়াড়দের প্রতিদিনের জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয়। কেউ বলতে পারেন, আমার সঙ্গে ঠিক হয়নি। কিন্তু আসল কথা হলো, এসবই খেলোয়াড়দের জীবনের অংশ।'
সাদা বলের ক্রিকেটে পন্থের জায়গার জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। লোকেশ রাহুল, ইশান কিশন, সাঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের মতো উইকেটরক্ষক ব্যাটাররা রয়েছেন নির্বাচকদের বিবেচনায়। তবে সমালোচনা নিয়ে খুব একটা ভাবছেন না পান্ত। নিজের সুযোগের অপেক্ষায় থাকার কথাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, 'সারাক্ষণ বাইরে থেকে মতামত দেয়া সহজ। কিন্তু আসল হচ্ছে, মানুষকে কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কোনো সন্দেহ নেই, আমাকেই নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। তবে আমার মনে হয়, নিজের সেরাটা দেয়ার জন্য যথেষ্ট সুযোগ পাইনি। আন্তর্জাতিক ক্রিকেট দ্রুত বদলে যাচ্ছে। কখনো কখনো সুযোগের জন্য অপেক্ষা করতে হয়, পরিস্থিতি অনুকূলে আসতে দিতে হয়।'
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে গুরুত্ব দিয়ে এশিয়ান গেমসে না যাওয়া গম্ভীরের পরিকল্পনায় আপাতত নেই পান্ত। ফলে বিশ্বকাপের দলে ফিরতে হলে ঘরোয়া সাদা বলের ক্রিকেটে পারফর্ম করে নিজেকে প্রমাণ করতে হবে তাকে।