মহেন্দ্র সিং ধোনির অবসরের পর ভারতের ক্রিকেটে সবচেয়ে বড় নায়ক হয়ে উঠেছেন রোহিত-কোহলিরা। অনেকেদের ধারণা, তারকা ব্যাটারদের এমন জনপ্রিয়তা সহ্য করতে পারেন না কিংবা গম্ভীর তাদের পছন্দ করেন না। অথচ সেই কোচের অধীনেই সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেট খেলছেন রোহিত ও কোহলি। যদিও গত কয়েক মাসে রোহিতের অবসর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রতি সিরিজেই আগেই একটা খবর ছড়ায় অবসর নিতে যাচ্ছেন ডানহাতি ওপেনার।
এমনকি ইংল্যান্ড সফরের সময় খবর বের হয় লর্ডসে বিদায় বলতে যাচ্ছেন রোহিত। যদিও এমন কিছু হয়নি। অনেকের ধারণা, গম্ভীরের সঙ্গে হয়ত সম্পর্কের টানাপোড়েন ধরেছে। এদিকে নতুন অধিনায়ক ও কোচ এলে স্বাভাবিকভাবেই সাবেক অধিনায়ক একটু সাইডলাইন নিয়ে যান। রোহিতের সঙ্গে গম্ভীরেরও কী এমনটা হচ্ছে? দুজনের সম্পর্কটা আসলেই কেমন? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ভারতের প্রধান কোচ।
জিওস্টারের সঙ্গে আলাপকালে রোহিতকে নিয়ে গম্ভীর বলেন, ‘আমার সেটা মনে হয় না। দেখুন— রোহিত ও আমার সম্পর্কটা কেবল অধিনায়ক এবং কোচের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমাদের সম্পর্কের শুরুটা অনেক আগেই হয়েছে। রোহিত যখন প্রথমবার দলে সুযোগ পায় তখন আমি দলের সিনিয়র খেলোয়াড় ছিলাম। তাই আমাদের দুজনের সম্পর্কটা বেশ পুরনো।’
তিনি আরও যোগ করেন, ‘তখন থেকেই রোহিতের সঙ্গে আমার পরিচয়। এমন নয় যে আমাদের দুজনের সম্পর্কটা একেবারে নতুন কিংবা আমি বিদেশি থেকে আসা কোনো কোচ যিনি কিনা রোহিতকে খেলতে দেখেননি বা তাকে ব্যক্তিগতভাবে চেনেন না বা তিনি কেমন মানুষ সেটাও জানেন না। একসঙ্গে খেলার সুবাদে আমাদের অনেক কিছুই সহজ হয়ে যায়। সত্যি বলতে, আমার চিন্তাভাবনা সম্পর্কে সে জানে আবার আমিও তার চিন্তাভাবনা বুঝি।’
রোহিতকে সরিয়ে দেওয়ার পর ভারতের টেস্ট এবং ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। টি-টোয়েন্টি দল সামলাচ্ছেন শ্রেয়াস আইয়ার। কাজ করেছেন সূর্যকুমার যাদবের সঙ্গেও। সবার সঙ্গেই কাজ করাকে নিজের জন্য অভিজ্ঞতা হিসেবে দেখছেন গম্ভীর। পাশাপাশি দলের জন্য যা ভালো হবে সেই সিদ্ধান্তই নেবেন বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ
গম্ভীর বলেন, ‘কাল হয়ত আমি একভাবে ভাবছি এবং অধিনায়ক হয়ত অন্যভাবে ভাবছে। যাই হোক না কেন দলের জন্য যেটা ভালো হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সেটার চেয়ে ভালো কিছুই হবে না। এজন্য আমি বলেছি চার অধিনায়কের সঙ্গে কাজ করাটা আমার জন্য একটা অভিজ্ঞতা ছিল। তাদের প্রত্যেকের চাওয়া ভারতের ক্রিকেটের জন্য ভালো করা।’