টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারাচ্ছেন সালমান

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার পর শান মাসুদকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে। টেস্টের পর টি-টোয়েন্টিতেও অধিনায়ক পরিবর্তন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টির ব্যর্থতায় অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন সালমান আলী আঘা। ডানহাতি ব্যাটারের জায়গায় নতুন অধিনায়ক হতে পারেন শাহিবজাদা ফারহান।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছেন না সালমান। কদিন আগে ইংল্যান্ড সফরে বাবরের চোটে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। অথচ দ্বিতীয় টেস্টের পরই দল থেকে জায়গা হারান ডানহাতি এই ব্যাটার। যদিও ঘরোয়া ক্রিকেটে ফিরেই ট্রিপল সেঞ্চুরি করেছেন। টেস্টের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও সুবিধা করতে পারছে না।

ব্যাট হাতে নিজে পারফর্ম করতে পারছেন না এবং দল হিসেবেও প্রত্যাশা মেটাতে পারছে না। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে পারেনি পাকিস্তান। তবুও দলের দায়িত্বে ছিলেন সালমান। তবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় তাকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় বিবেচনায় আছেন শাহিবজাদা। এশিয়ান গেমসে পাকিস্তান শাহীনসকে নেতৃত্ব দেবেন তিনি।

গুঞ্জন আছে, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দায়িত্ব সামলাতে পারেন শাহিবজাদা। বিভিন্ন সূত্রের মতে, পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও ডানহাতি ওপেনারকে অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন। এশিয়ান গেমসে অধিনায়ক হিসেবে কেমন করেন সেটার ‍উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

এশিয়ান গেমসের অধিনায়কত্ব নিয়ে শাহিবজাদা ফারহান বলেন, ‘অধিনায়কত্ব আমার এবং আমার পরিবারের জন্য গর্বের বিষয়। আমাকে মাত্রই অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এটা আমার জন্য সহজ নাকি কঠিন সেটা এখনই বলতে পারব না। টুর্নামেন্টের পর সেটা বলতে পারব।’

অধিনায়কত্ব চাপের কিনা এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘এখানে চাপের কিছু নেই। আমি অধিনায়ক হিসেবে খেলি কিংবা একজন খেলোয়াড় হিসেবে খেলি, আমি একইভাবে খেলব। আমি আমার স্বাভাবিক খেলাটা খেলতে থাকব।’

আরো পড়ুন: