২০২৫ সালের নভেম্বর পর্যন্ত নারী দলের কোচের দায়িত্বে ছিলেন ওয়াসিম। ফাতিমার সঙ্গে কাছ থেকে কাজ করা এই কোচ ২৪ বছর বয়সী অলরাউন্ডারের পারফরম্যান্সে গর্বিত। তবে নিয়মিত ব্যাট ও বল হাতে অবদান রাখার পরও তাকে প্রায়ই হারের দলে থাকতে হচ্ছে বলে আক্ষেপও করেছেন তিনি।
ওয়াসিম বলেন, 'জনপ্রিয়তা পারফরম্যান্সের মাধ্যমে অর্জিত হয়। সে ব্যাটিং ও বোলিং- দুটিই করছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দিকে তাকালেও দেখা যায়, তারা সব সময় ফাতিমা সানার প্রশংসা করছে, যদিও সে প্রায়ই হারের দলে থাকে।'
পুরুষ দলের অন্য ক্রিকেটাররা বর্তমানে একই মাত্রায় প্রশংসা পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি। এ কারণেই ফাতিমাকে পাকিস্তানের বর্তমান ক্রিকেটের 'সুপারস্টার' হিসেবে দেখছেন সাবেক এই কোচ।
সাংবাদিক নওমান নিয়াজের এক প্রশ্নের জবাবে ফাতিমার পারফরম্যান্সকে বাবরের থেকেও এগিয়ে রাখেন ওয়াসিম। তিনি বলেন, 'এই মুহূর্তে ফাতিমা সবার চেয়ে এগিয়ে। ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা রাখা দর্শকদের মধ্যে তার মূল্যায়ন অনেক উঁচু।'
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে খেলার অভিজ্ঞতা ফাতিমার আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়াবে বলেও মনে করেন ওয়াসিম। ব্যাট ও বল হাতে নিয়মিত অবদান রাখার পাশাপাশি পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে নিজেকে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করছেন ফাতিমা।