আবারও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত, যা জানাল বিসিসিআই

নারী এশিয়া কাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টানা দুই বছর এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে নেয়নি ভারত। গত বছরের সেপ্টেম্বরে পুরুষ দলের পর এবার নারী দলও একই ঘটনার পুনরাবৃত্তি করেছে। দুই ক্ষেত্রেই দৃশ্যমান কারণ এক- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি।

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে ক্রিকেটেও। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এরপর ‘অপারেশন সিঁদুর’ ঘিরে দুই দেশের উত্তেজনা বাড়লে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে চলতে শুরু করে ভারত। এবারও নাকভির কাছ থেকে ট্রফি না নেয়ার সিদ্ধান্তের পেছনে সেই সম্পর্কের অবনতিই বড় কারণ বলে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

সাইকিয়া বলেন, 'পেহেলগামের ঘটনার পর আমাদের পুরো পরিস্থিতি বদলে যায়। এরপর আমাদের নাগরিকদের কাছ থেকে চাপ ছিল প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত নয়, তাদের সঙ্গে ক্রিকেটও খেলা উচিত নয়। কিন্তু আমাদের সরকারের নীতি হলো, বহুজাতিক টুর্নামেন্টে আমাদের প্রতিটি দেশের বিপক্ষেই খেলতে হবে। আমরা সেই নীতি অনুসরণ করছি।'

তবে পাকিস্তানের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে খেললেও সবকিছু মেনে নেওয়ার অর্থ নেই বলে মনে করেন সাইকিয়া। তার ভাষায়, 'এর মানে এই নয় যে আমরা খেলব এবং আমাদের সামনে রাখা প্রতিটি শর্ত মেনে নেব। যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল এবং ২০২৫ সালের এপ্রিলের পর তা আরও খারাপ হয়েছে, আমাদের অভিযান এখনো চলছে। তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। আমরা তার কাছ থেকে ট্রফি নিতে পারি না।'

ফাইনালে ট্রফি না নেয়ার সিদ্ধান্তের মধ্যেও নাকভির সঙ্গে দেখা-সাক্ষাতে আপত্তি নেই বলে জানিয়েছেন সাইকিয়া। ম্যাচের সময় রয়্যাল বক্সে নাকভির পাশেই ছিলেন তিনি। এ প্রসঙ্গে সাইকিয়া বলেন, 'এমন নয় যে আমরা কারও সঙ্গে দেখা করব না। টস থেকে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত আমি রয়্যাল বক্সে বসেছিলাম। ম্যাচের সময় যারাই এসেছেন, সবার সঙ্গেই আমার দেখা হয়েছে। এটা স্বাভাবিক রীতি, যখন কেউ আসেন, আমরা সবার সঙ্গে দেখা করি এবং কথা বলি।'

বিসিসিআই চেয়েছিল, চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহসভাপতি। তবে নাকভি তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদ্‌যাপন করতে হয় ভারতকে। বিষয়টি নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই সাইকিয়ার।

তিনি বলেন, 'আজকের পরিস্থিতিও আমরা সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। তবে এ নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। আমাদের একমাত্র লক্ষ্য ছিল ভারতীয় দল যেন স্বাচ্ছন্দ্যে ম্যাচ জেতে। আমরা সেটিতে সফল হয়েছি।'

দুবাইয়ে ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও টানা দ্বিতীয়বারের মতো ট্রফি হাতে নেয়ার দৃশ্য দেখা গেল না।

আরো পড়ুন: